ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। টানা ৭৪ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ধ্বংসস্তূপ থেকে তার স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ রোববার (২৮ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই মর্মান্তিক খবর নিশ্চিত করেছে।
আরও পড়ুনঃ রাতে জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, একাদশে নেই নেইমার
৩৮ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস ত্রেহো বর্তমানে ভেনেজুয়েলার ক্লাব স্পোর্ট মারিতিমো দে লা গুয়াইরার হয়ে খেলছেন। ক্লাবের হয়ে খেলতে গিয়ে তিনি পরিবারসহ দেশটির উত্তর উপকূলীয় লা গুয়াইরা প্রদেশে বসবাস করছিলেন। এই দুর্ঘটনার পর ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গত ২৪ জুন রাতে এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানে। ভূমিকম্পের সময় ত্রেহো ক্লাবের দায়িত্বে রাজধানী কারাকাসে ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারেন, লা গুয়াইরার প্লায়া গ্রান্দে এলাকায় তাদের বহুতল আবাসিক ভবনটি সম্পূর্ণ ধসে পড়েছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কারাকাস থেকে দুর্গত এলাকায় ছুটে যান ত্রেহো। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে উদ্ধারকর্মীদের সঙ্গে নিজেও স্বজনদের খোঁজে অনুসন্ধান কাজে অংশ নেন। তার এই কঠিন সময়ে আর্জেন্টিনা থেকে ভেনেজুয়েলায় ছুটে আসেন তার বাবা ও ভাই।
পরিবারের কোনো খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় ত্রেহো লিখেছিলেন, 'আমাদের প্লায়া গ্রান্দের ভবনটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করুন। যদি কেউ তাদের কোথাও দেখে থাকেন, দয়া করে আমাকে জানান। আমি এখনো মনেপ্রাণে বিশ্বাস করতে চাই যে, কম্পনের সময় তারা হয়তো ভবনের বাইরে ছিল।'
আরও পড়ুনঃ বিশ্বকাপে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি
কিন্তু সেই প্রার্থনার পরও অলৌকিক কোনো ঘটনা ঘটেনি। টানা ৭৪ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকারীরা একে একে ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার মরদেহ উদ্ধার করেন।
এই হৃদয়বিদারক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রেহোর সতীর্থ ফুটবলার, বিভিন্ন ক্লাব এবং অসংখ্য সমর্থক তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকাহত ফুটবলারের প্রতি সাহস ও শক্তি কামনা করেছেন তারা।

