রাতে জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, একাদশে নেই নেইমার

জিটি রিপোর্ট

প্রকাশ:

 নেইমার
নেইমার|ছবি: সংগৃহীত

রাতে জাপানের বিপক্ষে নকআউট লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল। শেষ মুহূর্ত পর্যন্ত পাওয়া ইঙ্গিত বলছে, কোচ কার্লো আনচেলোত্তি স্কটল্যান্ডের বিপক্ষে জয় এনে দেওয়া একাদশেই আস্থা রাখছেন। ফলে দীর্ঘদিনের তারকা নেইমারকে শুরু থেকেই মাঠে দেখার সম্ভাবনা নেই। সোমবার (বাংলাদেশ সময়) রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

জাপানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে রোববার হিউস্টনের শেল এনার্জি স্টেডিয়ামে শেষ অনুশীলন সম্পন্ন করেছে ব্রাজিল। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত প্রথম ১৫ মিনিটের সেশনে ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই খেলোয়াড়দের দিয়ে সেট-পিস অনুশীলন করান আনচেলোত্তি। বিশ্বকাপে ম্যাচের আগের প্রস্তুতিতে এটি ব্রাজিলের নিয়মিত অনুশীলনের অংশ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ বিশ্বকাপে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি

অনুশীলনে দলের একমাত্র অনুপস্থিত খেলোয়াড় ছিলেন রাফিনহা। ডান উরুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তিনি মাঠে নামতে পারেননি। তাই স্কটল্যান্ডের বিপক্ষে তার জায়গায় দারুণ পারফরম্যান্স করা রায়ানই আবারও শুরুর একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

আনচেলোত্তি যদি একই একাদশ ধরে রাখেন, তবে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম টানা দুটি ম্যাচে একই শুরুর একাদশ ব্যবহার করবেন ইতালিয়ান এই কোচ।

স্কটল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়ে রায়ান আক্রমণ ও রক্ষণ—দুই দায়িত্বই সফলভাবে পালন করেছিলেন। তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ এবারও তার ওপরই ভরসা রাখতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বের তিন ম্যাচে চার গোল করে তিনি চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের একজন। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্যতম সেরা আক্রমণাত্মক খেলোয়াড়ও তিনি।

গ্রুপ পর্বে অপরাজিত থেকেই নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ ৩২-এ উঠেছে সেলেসাওরা।

আরও পড়ুনঃ আনন্দের মধ্যেই বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে

জাপানকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। তাই নকআউট পর্বের প্রথম ম্যাচেই কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে জয় এনে দেওয়া কম্বিনেশন ধরে রাখার দিকেই ঝুঁকছেন আনচেলোত্তি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

অ্যালিসন; দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!