বিপিএলে ফিক্সিংয়ের দায়ে সাবেক পরিচালকসহ ৩ জন নিষিদ্ধ

জিটি রিপোর্ট

প্রকাশ:

 বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি |ছবি: সংগৃহীত

বিপিএলে ফিক্সিং ও দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিষিদ্ধ তিনজনের মধ্যে আছেন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের সাবেক পরিচালক মোখলেছুর রহমান। অন্য দুজন হলেন বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হাসান এবং অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করার বিষয়টি জানিয়েছে বিসিবি। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কথাও প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে তিনজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে পারবেন। নিজেদের অবস্থান ব্যাখ্যা করে অভিযোগগুলো খণ্ডন করার সুযোগ পাবেন তাঁরা।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

গত বিপিএলের সময় ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির অডিট কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মোখলেছুর রহমান। এবার তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়েছে বিসিবি।

মোখলেছুরের বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো, বিপিএলের ১২তম সংস্করণের কোনো ম্যাচের ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্যান্য বিষয় বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা করা। এ ছাড়া ফিক্সিং-সংক্রান্ত কোনো চুক্তি বা প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তাঁর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ হলো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে প্ররোচিত করা, উসকানি দেওয়া বা সহায়তা করা।

এ ছাড়া কোনো দুর্নীতিমূলক প্রস্তাবে সাড়া বা আমন্ত্রণ পাওয়ার পর সেটি দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে বিস্তারিতভাবে না জানানোর অভিযোগও রয়েছে মোখলেছুরের বিরুদ্ধে। পাশাপাশি তদন্তের জন্য প্রাসঙ্গিক বা প্রমাণ হতে পারে—এমন কোনো যোগাযোগের তথ্য মুছে ফেলা বা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে।

বিপিএলের একই আসরে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছেন বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হাসান। তাঁর বিরুদ্ধেও ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য কোনো বিষয় বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা করা কিংবা এতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

জাকিরের বিরুদ্ধে আরও অভিযোগ আছে। তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া যুক্তিসংগত কারণ ছাড়া দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর অভিযোগও রয়েছে জাকিরের বিরুদ্ধে।

তিনজনের মধ্যে তৃতীয় ব্যক্তি রাকিবুল ইসলাম সানি। তিনি বগুড়া জেলার সাবেক কাউন্সিলর ছিলেন। একই সঙ্গে তিনি বিসিবির অডিট কমিটির সদস্যসচিবের দায়িত্বও পালন করেছেন।

আরও পড়ুনঃ মেসির রাজকীয় কামব্যাক, বড় জয় পেল মায়ামি

রাকিবুলের বিরুদ্ধে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব পাওয়ার পরও সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি যুক্তিসংগত কারণ ছাড়া দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা বা সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত তিনজনই সাময়িক নিষেধাজ্ঞার আওতায় থাকছেন। তবে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে তাঁদের।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!