বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচ দিন আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। দলের অন্যতম সেরা তারকা আবদে এজ্জালজুলি নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়েছেন। প্রাথমিক মেডিকেল রিপোর্ট বলছে, তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। একই সময়ে আরেক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার নুসাইর মাজরাউইও চোট নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচগুলো সাধারণত দল গোছানোর সুযোগ এনে দেয়। তবে এবার অনেক দলের জন্য এগুলো দুঃসংবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিল ইতোমধ্যে ওয়েসলির চোটে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কটল্যান্ডও বিলি গিলমোরের হাঁটুর গুরুতর চোট নিয়ে উদ্বিগ্ন। এবার সেই তালিকায় যোগ হলো মরক্কোর নাম।
নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে ম্যাচে শুরুতে দারুণ খেলছিলেন আবদে। তিনি একটি চমৎকার পাস থেকে ব্রাহিম দিয়াজকে গোল করতে সহায়তা করেন। তার অ্যাসিস্টেই ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
কর্নার কিক থেকে সৃষ্ট এক পরিস্থিতিতে নরওয়ের স্ট্রাইকার আলেকজান্ডার সোরলথ অবস্থান নেওয়ার লড়াইয়ে মরক্কোর ডিফেন্ডার শাদি রিয়াদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে রিয়াদ পড়ে যান এবং দুর্ভাগ্যজনকভাবে সরাসরি আবদের ডান পায়ের ওপর গিয়ে পড়েন।
আরও পড়ুনঃ ম্যারাডোনা-মেসির রেকর্ড ভেঙে আর্জেন্টিনা দলে অভিষেক আরান্ডার
আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই পেনাল্টি বক্সের ভেতরে মাটিতে লুটিয়ে পড়েন আবদে। তার মুখে তীব্র যন্ত্রণার ছাপ স্পষ্ট দেখা যায়। মরক্কোর চিকিৎসক দল দ্রুত মাঠে প্রবেশ করে তাকে সেবা দেয়। তিনি খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও হাঁটুর তীব্র ব্যথার কারণে আর মাঠে থাকতে পারেননি। শেষ পর্যন্ত তাকে বদলি করা হয়। মাঠ ছাড়ার সময় তার চোখে ছিল হতাশা আর কান্নার ছাপ।
প্রাথমিক পরীক্ষার ফল মরক্কোর জন্য আরও উদ্বেগ বাড়িয়েছে। স্প্যানিশ ক্লাব বেতিসের এই উইঙ্গারের হাঁটুর মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টে মচকানোর চোট ধরা পড়েছে। সাধারণত এমন চোট থেকে পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। ফলে বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে তার অংশগ্রহণ প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
মরক্কোর সমর্থক ও দেশটির গণমাধ্যমের বড় একটি অংশ ইতোমধ্যেই তাকে বিশ্বকাপের বাইরে বলে ধরে নিয়েছে। তবে জাতীয় দলের চিকিৎসকরা এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চাইছেন না। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেসব রিপোর্টের ভিত্তিতেই চোটের প্রকৃত অবস্থা নিশ্চিত করা হবে।
তবে বাস্তবতা হলো, ব্রাজিলের বিপক্ষে মরক্কোর বিশ্বকাপ অভিযান শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি। এত অল্প সময়ে এমন চোট থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। তাই আবদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কাই বেশি।
এদিকে আবদের চোটের দুশ্চিন্তার মধ্যেই আরেকটি সমস্যার মুখোমুখি হয়েছে মরক্কো। দলের অভিজ্ঞ ডিফেন্ডার নুসাইর মাজরাউই কাঁধের স্থানচ্যুতির চোটে ভুগছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকাকে প্রায় ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে।
তবে মাজরাউইকে নিয়ে এখনও আশার আলো দেখছে মরক্কো। দলের চিকিৎসকরা মনে করছেন, দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া সফল হলে তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারেন। তবুও বিশ্বকাপ শুরুর ঠিক আগে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট মরক্কোর পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এসেছে।

