বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্স শিবিরের বড় ধাক্কা

জিটি রিপোর্ট

প্রকাশ:

 চোটে পড়েছেন উইলিয়াম সালিবার
চোটে পড়েছেন উইলিয়াম সালিবার|ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে বড় ধাক্কার মুখে পড়েছে ফ্রান্স। পিঠের চোটের কারণে দলের অন্যতম ভরসার ডিফেন্ডার উইলিয়াম সালিবার বিশ্বকাপে খেলা নিয়ে ‘খুবই সংশয়’ রয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে ইএসপিএন।

প্রতিবেদনে বলা হয়েছে, চোটের প্রকৃতি ও মাত্রা নির্ধারণে সোমবার ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারের স্ক্যান করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুস্থ হয়ে মাঠে ফিরতে তার দীর্ঘ সময় লাগতে পারে। ফলে ফ্রান্সের হয়ে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ পর্যন্ত তিনি ছিটকে গেলে সেটি হবে বর্তমান রানার্সআপদের জন্য বড় ধাক্কা।

আরও পড়ুনঃ ভিন্ন দুই ক্লাবে খেললেও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ মাতাবেন তারা দুই ভাই

ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলেছেন সালিবা। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স।

ক্লাব ফুটবলেও চলতি মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন সালিবা। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের ৬৩ ম্যাচের মধ্যে ৫০টিতে মাঠে নেমেছেন তিনি। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতেও রেখেছেন বড় ভূমিকা।

গত শনিবার বুদাপেস্টে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টাইব্রেকারে হেরে যায় আর্সেনাল। সেই ম্যাচে পুরো ১২০ মিনিট খেলেন সালিবা। জানা গেছে, ফাইনালের আগেই তার পিঠে হালকা চোট ছিল, যা পরবর্তীতে আরও গুরুতর আকার ধারণ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!