বিশ্বকাপে কোন ম্যাচ থেকে নেইমারকে পাওয়া যাবে, জানালেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

জিটি রিপোর্ট

প্রকাশ:

নেইমার
নেইমার |ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেই নেইমারকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে তা সম্ভব না হলেও দ্বিতীয় ম্যাচে তার মাঠে নামা প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।

শনিবার নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা বিশ্বাস করি সে খুব দ্রুতই ফিরবে। যদি প্রথম ম্যাচে খেলতে না-ও পারে, তাহলে দ্বিতীয় ম্যাচে অবশ্যই দলে থাকবে।’

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, কাফ পেশির চোটের কারণে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করছেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্স শিবিরের বড় ধাক্কা

চোটের কারণে বিশ্বকাপের আগে ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। রোববার মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে এবং ৬ জুন ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে সেলেসাওদের হয়ে মাঠে নামবেন না তিনি।

পানামার বিপক্ষে ম্যাচের পর সোমবার নিউ জার্সিতে বিশ্বকাপ ক্যাম্প শুরু করবে ব্রাজিল। সেখানে চূড়ান্ত প্রস্তুতি সেরে বিশ্বকাপ মিশনে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের জন্য আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের দলে নেইমারের অন্তর্ভুক্তি অনেকের কাছে বিস্ময়কর ছিল। চোট ও ফর্মহীনতার কারণে প্রায় তিন বছর ধরে জাতীয় দলে নিয়মিত ছিলেন না তিনি। ফলে তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে ছিল নানা আলোচনা।

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলছেন নেইমার। জাতীয় দলের জার্সিতে তার অর্জন অবশ্য এখনো অনন্য। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। আসন্ন বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ আসর।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!