অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হেরেও টেস্ট র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।
আইসিসির প্রকাশিত তালিকায় ২৪ ম্যাচে ১৮৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং এখন ৭৮। এই উত্থানে বাংলাদেশ পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে। টেস্ট ইতিহাসে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। ২০২৪ সালে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারানোর পর সেই মাইলফলক ছুঁয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুনঃ নাটকীয় জয় দিয়ে মৌসুম শুরু করল ম্যান সিটি
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করার কারণেই এই বড় লাফ দিয়েছে দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ে দুই দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হেরে যায় সফরকারীরা।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। ১২৬ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে অবস্থান করছে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশের কাছে জায়গা হারিয়ে শ্রীলঙ্কা সপ্তম, পাকিস্তান অষ্টম ও ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে নেমে গেছে।
আরও পড়ুনঃ ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
ম্যাকাই টেস্টে বড় হারের দিনে এমন সাফল্যকে ইতিবাচকভাবেই দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ভালো খবর, অবশ্যই ভালো খবর। খবরটা আরও ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম। তবে ছয় নম্বরে আমরা প্রথমবারের মতো আসলাম টেস্ট ক্রিকেটে, এটা অনেক বড় অর্জন।’

