ভিএআরের নাটকীয়তায় অতিরিক্ত সময়ের গোলে জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ২-১ ব্যবধানে হারিয়েছে এনজো মারেসকার দল। ৯০+২ মিনিটে জয়সূচক গোলটি করেন ইওস্কো গাভার্দিওল। অফসাইডের পতাকা উঁচিয়ে ধরা লাইন্সম্যানের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ভিএআরের পর্দায় গোলের সংকেত উঠতেই উল্লাসে মেতে ওঠে পুরো গ্যালারি।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় সিটি। চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। কিন্তু আর্লিং হলান্ড, ফিল ফোডেন ও রিকো লুইসের যৌথ প্রচেষ্টা বানচাল করে দেন বোর্নমাউথ গোলকিপার জর্জি পেত্রোভিচ। ১৩ মিনিটে ও’রাইলির ক্রসে সহজ সুযোগ নষ্ট করেন হলান্ড।
আরও পড়ুনঃ টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর পর্তুগালের কাছে হারল স্পেন
উল্টো ২৬ মিনিটে বদলে যায় খেলার হিসাব। সিটির দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে রায়ানের বাড়িয়ে দেওয়া বল এভানিলসন পান। তাঁর বাড়ানো পাস ধরে পেছনের পোস্টে সহজ ট্যাপ ইনে গোল করে ইতিহাদকে স্তব্ধ করে দেন বোর্নমাউথের মার্কাস ট্যাভার্নিয়ের। পিছিয়ে পড়ার পর বিরতির আগে সমতায় ফেরার সুযোগ পেলেও হলান্ডের টানা ব্যর্থতায় গোল পায়নি সিটি। অন্যদিকে ৪১ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের শট রুখে দিয়ে ব্যবধান বাড়াতে দেননি সিটির গোলকিপার দোন্নারুম্মা।
দ্বিতীয়ার্ধেও সিটির গোল মিসের মহড়া চলতে থাকে। ৫১ মিনিটে মার্ক গেহির হেড বাইরে যায়। ৬৭ মিনিটে সেমেনিওর শট আবার ঠেকান পেত্রোভিচ। ৭২ ও ৭৫ মিনিটে হলান্ড আরও দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন।
আরও পড়ুনঃ ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
অবশেষে ৮৪ মিনিটে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন বদলি নামা রায়ান শেরকি। তাঁর নিখুঁত কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে আগের ভুল শোধ করেন গেহি। এরপর যোগ করা ৯০+২ মিনিটে আবার শেরকির পাসে গোল করেন গাভার্দিওল। লাইনসম্যান অফসাইড ডাকলেও ভিএআর শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত দিলে জয় নিশ্চিত হয় সিটির।

