কঠিন ব্যক্তিগত সময়ের মধ্য দিয়ে যাওয়া লিওনেল মেসির পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ রদ্রিগো দে পল। সাম্প্রতিক ম্যাচে মেসির ছন্দহীনতা ও পেনাল্টি মিস নিয়ে সমালোচনা শুরু হলেও ইন্টার মায়ামির এই মিডফিল্ডার জানিয়েছেন, অধিনায়কের বর্তমান পরিস্থিতি পুরো দলই বুঝতে পারছে এবং সবাই তাঁর পাশে রয়েছে।
মায়ামির সাম্প্রতিক ম্যাচের পর মেসির মানসিক অবস্থা নিয়ে দে পল বলেন, ‘সত্যি বলতে, মেসি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা আমি জানি এবং আমি আপনাকে বলতে পারি যে মেসি এখনও নিজের ব্যক্তিগত মানসিক চাপ ও কঠিন সময় থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি। এটি এমন কিছু নয় যা আপনি সহজেই ভুলে সামনে এগিয়ে যাবেন। আমরা যখনই একসাথে থাকি, সে এখনও তার পরিবারের কথা বলে এবং মাঝেমধ্যে আবেগপ্রবণ হয়ে পড়ে।’
আরও পড়ুনঃ আলভারেজকে দলে ভেড়াতে আর্সেনাল কোচ আরতেতার ফোন
ব্যক্তিগত শোক ও মানসিক চাপের মধ্যেও দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি। একটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার পর আরেকটিতে ছিলেন শুরুর একাদশে। এমন পরিস্থিতিতেও ক্লাবের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা তুলে ধরে দে পল বলেন, ‘সে এমন একজন মানুষ যে এই ক্লাবটিকে সত্যিই ভালোবাসে এবং সবসময় দলকে সাহায্য করতে চায়...!’
মেসির এই নিবেদনে মুগ্ধ ইন্টার মায়ামির কোচও। দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়কে নিয়ে তিনি বলেন, ‘বলার মতো কোনো ভাষা নেই। মানুষ হিসেবে তার মূল্যায়নের জন্য কোনো বিশেষ উপমা খুঁজে পাচ্ছি না। এখানে আমরা শুধু একজন ফুটবলার হিসেবে তার দক্ষতার কথা বলছি না, বরং তার বিশাল হৃদয়ের একজন অসাধারণ মানুষ হিসেবে তার মূল্যকে দেখছি।’
জাতীয় দলের সতীর্থদের মধ্যে মেসির সঙ্গে দে পলের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। মাঠে অধিনায়ককে আগলে রাখার পাশাপাশি মাঠের বাইরেও তাঁর পাশে থাকার কথা বহুবার বলেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। একসময় দে পল বলেছিলেন, ‘প্রয়োজনে আমি লিওনেল মেসির জন্য জীবন দিয়ে দেব। তাঁর মৃত্যুর আগ পর্যন্ত তাঁর পাশে থাকব।’
আরও পড়ুনঃ মার্তিনেজকে দলে ভেড়াতে নতুন প্রস্তাব জুভেন্টাসের
বর্তমান পরিস্থিতিতেও সেই অবস্থানেই আছেন দে পল। মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বেগের কারণ নেই জানিয়ে তিনি বলেন, ‘মানুষের বোঝা উচিত সে-ও আর সবার মতোই একজন মানুষ। ইন্টার মিয়ামির কেউই তার সেরা পারফরম্যান্স না দেওয়া নিয়ে চিন্তিত নয়। আমরা পরিস্থিতিটি বুঝতে পেরেছি এবং এই মুহূর্তে সবাই তার পাশে রয়েছি।’
ব্যক্তিগত কঠিন সময়েও মাঠে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেসি। আর সেই লড়াইয়ে তাঁর পাশে সতীর্থ, কোচ ও পুরো ইন্টার মায়ামি দল আছে—দে পলের বক্তব্যে সেটিই স্পষ্ট।

