ট্রান্সফার উইন্ডোর শেষ সময়ে হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে সরাসরি তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদকে ঘিরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তাঁকে উত্তর লন্ডনে আসতে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন গানার্স কোচ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল দেসমার্কে’র বরাতে জানা গেছে, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে বড় এই চুক্তি সম্পন্ন করতে আলভারেজকে রাজি করানোর দায়িত্ব নিজেই নিয়েছেন আরতেতা। সাবেক ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডকে দীর্ঘদিন ধরেই নিজেদের অন্যতম প্রধান আক্রমণাত্মক লক্ষ্য হিসেবে বিবেচনা করছে আর্সেনাল।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান
গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শিরোপার স্বপ্ন শেষ হয় আর্সেনালের। ক্লাবটির টেকনিক্যাল স্টাফদের বিশ্বাস, ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পেতে আলভারেজের মতো বিশ্বমানের একজন আক্রমণভাগের খেলোয়াড় দলে প্রয়োজন।
তবে আলভারেজকে ধরে রাখার বিষয়ে আশাবাদী আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। অন্যদিকে, ক্লাবটির পরিচালনা পর্ষদ লা লিগার সরাসরি প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে শক্তিশালী করার চেয়ে আলভারেজকে আর্সেনালের কাছে বিক্রি করতেই বেশি আগ্রহী বলে খবর রয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ আগেই জানিয়েছিল, আলভারেজকে আবারও প্রিমিয়ার লিগে পাঠানোর চেষ্টা করেছে আতলেতিকো কর্তৃপক্ষ। সেই সম্ভাবনা কাজে লাগিয়ে আলোচনায় এগিয়ে যেতে চাইছে আর্সেনাল।
চুক্তি সহজ করতে আর্সেনাল ভিক্টর ইয়োকেরেসকে সোয়াপ ডিলের অংশ হিসেবে আতলেতিকোর কাছে প্রস্তাব করতে পারে। স্প্যানিশ রেডিও চ্যানেল ‘কোপে’র দাবি অনুযায়ী, এমন প্রস্তাব বাস্তবায়িত হলে আলভারেজকে ছেড়ে দেওয়ার পর সিমিওনের হাতে তাৎক্ষণিক বিকল্প স্ট্রাইকার হিসেবে ইয়োকেরেস থাকবেন।
তবে আলভারেজের ব্যক্তিগত পছন্দ এখনো বার্সেলোনায় যাওয়ার দিকেই বলে জানা গেছে। সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কাতালান ক্লাবটির আর্থিক পরিস্থিতি। সম্ভাব্য বড় অঙ্কের ট্রান্সফার ফি মেটানো বার্সেলোনার জন্য কঠিন হয়ে পড়লে আর্সেনালের সুযোগ আরও বাড়তে পারে।
আরও পড়ুনঃ ‘এটাই হয়তো শেষ বছর’—অবসরের স্পষ্ট ইঙ্গিত রোনালদোর
ফেরান তোরেস পিএসজিতে চলে যাওয়ার পর বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিকও আক্রমণভাগে নতুন বিকল্প খুঁজছেন। এ অবস্থায় ইয়োকেরেসের দিকেও বার্সেলোনার নজর যেতে পারে।
আলভারেজকে না পেলে বিকল্প পরিকল্পনাও তৈরি রাখছে আর্সেনাল। গালাতাসারাইয়ের নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু করেছে উত্তর লন্ডনের ক্লাবটি।
ইথান এনওয়ানেরি ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে ঘিরে গালাতাসারাইয়ের সঙ্গে সম্ভাব্য আলোচনার মধ্যেই ওসিমেনকে বিকল্প ‘প্ল্যান বি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ট্রান্সফার উইন্ডোর শেষ কয়েক দিনেই পরিষ্কার হবে, আলভারেজ আরতেতার ডাকে সাড়া দিয়ে আবার ইংল্যান্ডে ফিরবেন, নাকি তাঁর পছন্দের গন্তব্য বার্সেলোনার পথে এগোবেন।

