ব্যালন ডি’অরের ভোট শেষ, কে উঠছেন ফুটবলের রাজসিংহাসনে?

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

লামিন ইয়ামাল, এমবাপ্পে, হ্যারি কেইন
লামিন ইয়ামাল, এমবাপ্পে, হ্যারি কেইন |ছবি: সংগৃহীত

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ী পুরুষ ফুটবলার নির্বাচনের ভোটাভুটি শেষ হয়েছে। ফ্রান্স ফুটবলের বাছাই করা ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে নিজেদের পছন্দের খেলোয়াড়দের ভোট দিয়েছেন বিশ্বের শীর্ষ ১০০ দেশের ১০০ সাংবাদিক। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

এবারের ব্যালন ডি’অর নিয়ে আগ্রহ অন্যবারের তুলনায় বেশি। কারণ, এবারের দৌড়ে কোনো একজন খেলোয়াড়কে স্পষ্টভাবে এগিয়ে রাখা যাচ্ছে না। লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, লিওনেল মেসি, উসমান দেম্বেলে, খভিচা কভারাতস্খেলিয়া, ফ্যাবিয়ান রুইজ ও রদ্রির মতো তারকারা আলোচনায় আছেন।

ফ্রান্স ফুটবলের ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে বিজয়ী নির্বাচনের ভোট দেওয়ার শেষ সময় ছিল সোমবার। সাংবাদিকরা যোগ্যতার ক্রম অনুযায়ী ১০ জন খেলোয়াড়কে বেছে নিয়ে ভোট দিয়েছেন। এখন সেই ভোটের হিসাবের অপেক্ষা।

আরও পড়ুনঃএশিয়ান গেমসে কোন ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

ব্যালন ডি’অরের নিয়ম অনুযায়ী, ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেন। প্রত্যেক সাংবাদিক ১০ জন খেলোয়াড়কে পছন্দের ক্রমে সাজান। প্রথম খেলোয়াড় পান ১৫ পয়েন্ট। এরপর যথাক্রমে ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেওয়া হয়। সব ভোটের পয়েন্ট যোগ করার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতেই ওঠে পুরস্কার।

ভোট দেওয়ার সময় তিনটি বিষয় বিবেচনায় রাখতে হয়। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত নৈপুণ্য। ম্যাচের ফল নির্ধারণে অবদান এবং অসামান্য পারফরম্যান্সও এর অংশ। পাশাপাশি দলীয় সাফল্য এবং খেলোয়াড়ের সামগ্রিক মান ও ন্যায্যতাকেও গুরুত্ব দেওয়া হয়।

এবারের লড়াই বেশ উন্মুক্ত। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপে নিজেদের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তবে নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করার বিষয়টি অনেক বিশ্লেষক ও সাবেক খেলোয়াড় ভালোভাবে নেননি।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি কেইনও আলোচনায় আছেন। তার গোলসংখ্যা তাকে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, আর্জেন্টিনার লিওনেল মেসিও আলোচনার বাইরে নন। ৩৯ বছর বয়সেও তিনি অসাধারণ পারফরম্যান্স করেছেন। বিশ্বকাপ জিততে না পারলেও তার পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অরের দৌড়ে রেখেছে। রেকর্ড নবমবারের মতো পুরস্কারটি তার হাতে উঠলে সেটিও হবে বড় ঘটনা।

ফ্রান্সে আবার প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়দের নিয়ে আলোচনা বেশি। ক্লাবটির দুর্দান্ত পারফরম্যান্সের কারণে খভিচা কভারাতস্খেলিয়া, উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজের নাম উঠে আসছে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের লামিন ইয়ামাল এবং গোল্ডেন বল জয়ী রদ্রিও রয়েছেন আলোচনায়।

আরও পড়ুনঃ মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ সময় কখন

বেটিং মার্কেটেও অবশ্য হ্যারি কেইনকে এগিয়ে রাখা হচ্ছে। তার পরের অবস্থানে রয়েছেন ইয়ামাল ও এমবাপে। শীর্ষ পাঁচের বাকি দুই খেলোয়াড় হলেন মেসি ও রদ্রি।

তবে বেটিং মার্কেটের হিসাব আর সাংবাদিকদের ভোট এক নয়। শেষ পর্যন্ত ১০০ সাংবাদিকের ভোটের হিসাবেই নির্ধারিত হবে এবারের বিজয়ী।

ব্যালন ডি’অরের এবারের আয়োজনও হতে যাচ্ছে বিশেষ। পুরস্কারটির ৭০তম বার্ষিকী উপলক্ষে আগামী ২৬ অক্টোবর সোমবার লন্ডনের প্যালাডিয়ামে বসবে জমকালো আসর। অনুষ্ঠানে প্রায় ২ হাজার অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।

এ আয়োজনে ১৯৫৬ সালে ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি উইঙ্গার স্ট্যানলি ম্যাথুসকেও সম্মান জানানো হবে।

ভোট শেষ। এখন শুধু ফল ঘোষণার অপেক্ষা। ৭০তম ব্যালন ডি’অরে শেষ হাসি কে হাসবেন, সেই উত্তর মিলবে এক মাসেরও কম সময়ের মধ্যে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!