চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিল তারকা নেইমার। নতুন করে পাওয়া পেশির চোটে অন্তত দুই থেকে তিন সপ্তাহ খেলতে পারবেন না তিনি। ফলে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ শুরুর ম্যাচে তার খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
সুপরিচিত সাংবাদিক ফাব্রিসিও রোমানো ফেসবুকে জানিয়েছেন, নেইমার চোট পেয়েছেন এবং দুই-তিন সপ্তাহের জন্য নিশ্চিতভাবেই মাঠের বাইরে থাকবেন। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারও নিশ্চিত করেছেন, পেশিতে চোট পেয়েছেন এই ফরোয়ার্ড।
গত বুধবার দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলনে অংশ নেননি নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, ডান পায়ের পেশির চোটের কারণে তাকে ‘ইমেজিং’ পরীক্ষার জন্য একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছে।
ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, মেডিকেল স্টাফ প্রধান রদ্রিগো লাসমারের সঙ্গে ক্লিনিকে গিয়ে এমআরআই স্ক্যান করান নেইমার। এরপরই তার দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার খবর সামনে আসে।
আরও পড়ুন: অনুশীলনে যোগ দেয়নি নেইমার, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা কাটছেই না
২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। এরপর চোট ও ফিটনেস সমস্যার কারণে আর মাঠে নামা হয়নি তার। তবুও আসন্ন বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে তাকে রাখেন কোচ কার্লো আনচেলত্তি। গত ১৮ মে ঘোষিত স্কোয়াডে জায়গা পান সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ ৭৯ গোলের মালিক এই তারকা।
তবে দল ঘোষণার আগের দিন থেকেই নতুন এক চোটে ভুগছিলেন নেইমার। শুরুতে চোট গুরুতর নয় বলা হলেও সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
আগামী রোববার পানামার বিপক্ষে এবং ৫ জুন মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের পাশাপাশি মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেও নেইমারের খেলা প্রায় অনিশ্চিত।
‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। ২০ জুন হাইতির বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির দল, আর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।

