চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হকির ২৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ হকি দল
বাংলাদেশ হকি দল |ছবি: সংগৃহীত

ভারতের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের প্রস্তুতি নিতে আগামী বুধবার ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের প্রশিক্ষণ ক্যাম্প। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পিটার গেরহার্ড।

ঘোষিত দলে নতুন মুখ তিনজন—তৈয়ব আলী, মো. আবদুল্লাহ ও তানভীর রহমান। তাঁদের কেউই এখনো জাতীয় দলের হয়ে খেলেননি। তৈয়ব আলী ও মো. আবদুল্লাহ গত মাসে চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে খেলেছেন। অন্যদিকে, তানভীর রহমান ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।

জাতীয় দলে ফিরেছেন মেহরাব হাসান, নুরুজ্জামান নয়ন, আবেদ উদ্দিন ও নাহিয়ান শুভ। এই চার খেলোয়াড় সর্বশেষ জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের দলে ছিলেন না।

আরও পড়ুনঃ রোমাতেই কি ক্যারিয়ার শেষ করবেন দিবালা

এশিয়ান গেমসে সপ্তম হওয়ায় বাংলাদেশের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা ছিল না। তবে পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় সুযোগ পেয়েছে বাংলাদেশ। এর আগে মাত্র একবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২১ সালে প্রিলিমিনারি রাউন্ডে চারটি ম্যাচ খেলে সব কটিতেই হেরেছিল বাংলাদেশ।

এবার বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। আগামী ২৭ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দল: বিপ্লব কুজুর, আশরাফুল হক, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, মেহরাব হাসান, ওবায়দুল হোসেন, খালেদ মাহমুদ, পুষ্কর খিসা, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফারহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান, মো. আবদুল্লাহ, মাহমুদ হাসান, নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান ও দ্বীন ইসলাম।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!