ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কাউন্টি ক্লাব কেন্টের সঙ্গে চুক্তি করেছেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মর্যাদা অর্জন করতে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার। চুক্তি সম্পন্ন হওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে হাসান বলেছেন, এটি তার জন্য স্বপ্নপূরণের মতো এক মুহূর্ত।
কেন্টের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান মাহমুদ বলেন, ‘কেন্টের মতো ঐতিহাসিক ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এটি শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্য এক গর্বের মুহূর্ত।’
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন হাসান। বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক এই ক্রিকেট কাঠামোয় খেলার সুযোগকে তিনি নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন।
আরও পড়ুনঃ আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ রানে হারল বাংলাদেশ
কেন্টের হয়ে দায়িত্ব পালনে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই পেসার। তিনি বলেন, ‘দলের সাফল্যে অবদান রাখতে আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত।’
দলে তার ভূমিকা ও প্রত্যাশা নিয়ে কোচিং স্টাফের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান হাসান। তিনি বলেন, ‘দলে আমার ভূমিকা ও প্রত্যাশা নিয়ে অ্যাডাম হোলিওক ও সাইমন কুকের সঙ্গে কথা হয়েছে। কেন্টের হয়ে মাঠে নামতে তর সইছে না।’
ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সমর্থকদের উপস্থিতিও প্রত্যাশা করছেন তিনি। তাদের সমর্থন দলকে বাড়তি অনুপ্রেরণা দেবে বলেই বিশ্বাস তার।
এ প্রসঙ্গে হাসান বলেন, ‘আমি ক্লাবের সদস্য ও সমর্থকদের সঙ্গে দেখা করতে এবং যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি দর্শকদের মাঠে এসে দলকে সমর্থন দিতে দেখার অপেক্ষায় আছি। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা সবার জানা।’
কাউন্টি ক্রিকেটে খেলার এই সুযোগ শুধু হাসান মাহমুদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এই তরুণ পেসার।

