দক্ষিণ আফ্রিকাকে রুখে দিল বাংলাদেশ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ ইমার্জিং দলকে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল
বাংলাদেশ ইমার্জিং দলকে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল|ছবি: সংগৃহীত

প্রতিরোধের অনন্য সাধারণ গল্প লিখে শেষ দিনে দুর্দান্ত এক ড্র নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ৪১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে চরম হারের শঙ্কায় পড়েছিল সফরকারীরা। সেখান থেকে মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাঈম হাসানের লড়াকু ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পরাজয় এড়িয়ে চার দিনের প্রথম ম্যাচটি ড্র করতে সমর্থ হয় বাংলাদেশ।

শেষ দিন জয়ের জন্য ৩৯৬ রান দূরে থেকে সফরকারীরা ব্যাট করতে নামে। কিন্তু দিনের শুরুতেই দুই অভিজ্ঞ ব্যাটার শাহাদাত হোসেন ও অধিনায়ক জাকির হাসানের দ্রুত বিদায়ে ধস নামে ইনিংসে। একে একে মাহফিজুল ইসলাম (৪১), ইফতেখার হোসেন (০) ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান (০) ফিরে গেলে ৭০ রানেই প্রথম ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল।

আরও পড়ুনঃ রবিনসন-টাংয়ের পেসে বিধ্বস্ত পাকিস্তান

বিপর্যয়ের মুখে ষষ্ঠ উইকেটে শক্ত প্রতিরোধ গড়েন মাহিদুল ও আমিনুল। ২৬৫ বলে ১০৫ রানের এক দায়িত্বশীল জুটি গড়ে তারা দ্বিতীয় সেশনটি উইকেটশূন্য কাটিয়ে দেন। আমিনুল ১৭৪ বলে ১২টি চারে ৭৪ রান করে বিদায় নিলেও বাংলাদেশ লড়াই থেকে ছিটকে যায়নি।

পরবর্তীতে সপ্তম উইকেটে মাহিদুলের সঙ্গে যোগ দেন নাঈম হাসান। এই দুই ব্যাটার ১৪০ বলে আরও ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন। মাহিদুল ২০৮ বলে ৪৮ রান এবং নাঈম ৭৯ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। স্বাগতিকদের পক্ষে এনগেলব্রেখট, স্মিট ও সিমিলেন ২টি করে উইকেট নেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে আগামী রোববার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫১৯/৫ ডিক্লে.

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৯/১০

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১৩০/৪ ডিক্লে.

বাংলাদেশ ২য় ইনিংস (লক্ষ্য ৪১১): ৯৩ ওভারে ২৪৪/৬ (আমিনুল ৭৪, নাঈম ৪৯*, মাহিদুল ৪৮*, মাহফিজুল ৪১, শাহাদাত ১৫, জাকির ১১; এনগেলব্রেখট ২/৭০, স্মিট ২/৪১, সিমিলেন ২/৩৯)।

ফল: ম্যাচ ড্র।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!