ওলি রবিনসন ও জশ টাংশের আগুনে বোলিংয়ে হেডিংলি টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেছে পাকিস্তান। দুই ইংলিশ পেসারের তোপে প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১১২ রান তুলে প্রথম দিন শেষ করেছে স্বাগতিক ইংল্যান্ড।
ইংল্যান্ডের দুই পেসার রবিনসন ও টাং ভাগাভাগি করে প্রতিপক্ষের ১০টি উইকেটই তুলে নেন। দুজনই পান ৫টি করে উইকেট। ইনজুরি কাটিয়ে দলে ফেরা রবিনসন ৫১ রানে এবং টাং ৪৬ রানে ৫ উইকেট শিকার করেন। টাং ১১ বলের ব্যবধানে ৪টি উইকেট তুলে নেওয়ার পথে টানা দুই বলে সালমান আগা ও আলী উসমানকে আউট করে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন।
আরও পড়ুনঃ নিজের স্নায়ুবিক রোগের কথা জানালেন জামাল মুসিয়ালা
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ঐতিহাসিক বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সিরিজের একদম প্রথম বলটি রবিনসনের ফুল লেংথ ডেলিভারি থেকে আজান আওয়াইসের প্যাডে লাগলে আম্পায়ার এলবিডব্লুর সিদ্ধান্ত দেন। আজান রিভিউ নিয়েও রক্ষা পাননি। এতে ইংল্যান্ডের মাটিতে প্রথম বোলার হিসেবে টেস্ট সিরিজের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েন রবিনসন। অন্যদিকে ৪৩ বছর পর ইতিহাসে দ্বিতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে টেস্টের প্রথম বলে আউট হওয়ার তালিকায় নাম লেখান আজান—এর আগে ১৯৮৩ সালে জলন্ধরে ভারতের বিপক্ষে কপিল দেবের প্রথম বলেই আউট হয়েছিলেন মহসিন খান।
রবিনসনের তোপে মাত্র ৬ রানে ২ উইকেট হারানোর পর অবশ্য ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিক ৯১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে উঠেছিলেন। তবে শফিকের ৬১ ও ইমামের ৪২ রান ছাড়া অধিনায়ক সালমান আগার ২১ রানই কেবল বলার মতো ছিল। ফলে মাত্র ৪৮.১ ওভারেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৮ রানে ২ উইকেট হারালেও আর কোনো বিপদ হতে দেননি দুই অপরাজিত ব্যাটার জো রুট ও জর্ডান কক্স। দিন শেষে রুট ৩৭ ও কক্স ২৩ রানে ক্রিজে আছেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ও হাসান আলী একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):
পাকিস্তান ১ম ইনিংস: ৪৮.১ ওভারে ১৭১ (শফিক ৬১, ইমাম ৪২, সালমান ২১; টাং ৫/৪৬, রবিনসন ৫/৫১)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৫ ওভারে ১১২/২ (রুট ৩৭*, গে ৩৩, কক্স ২৩*; আব্বাস ১/৩৪, আলী ১/৩৮)।

