প্রথম ইনিংসের হতাশাজনক ব্যাটিংয়ের ঘাটতি পোষাতে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে। এমন সমীকরণে দ্বিতীয় ইনিংসের শুরুটাই ভালো হয়নি সফরকারীদের। দ্বিতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়াকে অলআউট করার পরও বিপদে নাজমুল হোসেন শান্তর দল।
দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১০৭ রান পিছিয়ে আছে অতিথিরা। শান্ত ২৩ ও মুশফিকুর রহিম ৪ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন।
আরও পড়ুনঃ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মারায় মেসিকে জরিমানা
বাংলাদেশের করা ৬৪ রানের জবাবে ১৬৫ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। আজ আরও ৪৫ রান তোলে প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয় স্বাগতিকেরা। ১৪৬ রানের লিড পায় প্যাট কামিন্সের দল।
প্রথম ইনিংসে প্রথম বলেই ফিরছিলেন সাদমান ইসলাম। এবারও হতাশ করলেন এই ওপেনার। আরও একদফা স্টার্কের শিকার হয়ে ফিরেছেন সাদমান। মারনাস লাবুশেনের হাতে ধরা পড়ার আগে ১ রান করেন তিনি। পরের বলেই মুমিনুল হককে বোল্ড করেন স্টার্ক। দলীয় ৫ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসের কথা মনে করিয়ে দিচ্ছিল বাংলাদেশ।
প্রথম ইনিংসের ৬৪ রানে অলআউট হওয়ার পথে ১২ রানেই পাঁচ ব্যাটারকে হারায় বাংলাদেশ। তেমন কিছুর পুনরাবৃত্তি না হলেও এবারও টপঅর্ডারের কেউ দাঁড়াতে পারল না।
আরও পড়ুনঃ বাবাকে হারানোর পর প্রথম গোল করলেন মেসি
তানজিদ হাসান তামিম ব্যক্তিগত ৯ রানে কামিন্সের শিকার হলে ২৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সেশনের বাকি অংশে শান্ত ও মুশফিকের কল্যাণে আর কোনো বিপদ হয়নি সফরকারীদের।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া স্টার্ক এবারও শুরুতেই বাংলাদেশের ব্যাটারদের সামনে প্রধান বিপদের নাম। ২ উইকেট নিয়ে এই পেসার বোঝাতে চাইছেন, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে তাঁকে ভালোভাবেই সামলাতে হবে বাংলাদেশকে। ১০৭ রানে পিছিয়ে থাকা দলটি আপাতত শান্ত ও মুশফিকের ব্যাটে তাকিয়ে।

