বাবাকে হারানোর পর প্রথম গোল করলেন মেসি

জিটি রিপোর্ট

প্রকাশ:

মেসির গোলে ড্র করল ইন্টার মায়ামি
মেসির গোলে ড্র করল ইন্টার মায়ামি |ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুর পর প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। তবে তাঁর এই আবেগঘন ও স্মরণীয় গোলের দিনে জয় পায়নি ইন্টার মিয়ামি। আজ সকালে চেস্টারের সুবারু পার্কে স্বাগতিক ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে দলটিকে।

মেজর লিগ সকারের (এমএলএস) রোমাঞ্চকর এই ম্যাচের ২৬তম মিনিটে চোখধাঁধানো এক গোল করেন মিয়ামি অধিনায়ক। ডান প্রান্ত থেকে বল পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে জটলার ভেতর থেকে দারুণ কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি। এই গোলের পর উদ্‌যাপনে ছিল গভীর আবেগ। দুই হাতের অনামিকা আকাশের দিকে তুলে প্রয়াত দাদি সেলিয়া অলিভেরা ও সম্প্রতি প্রয়াত বাবা হোর্হে মেসিকে স্মরণ করেন তিনি। ক্যারিয়ার জুড়ে যাঁদের অবদান ছিল সবচেয়ে বেশি, সেই স্বজনদের স্মরণে মেসির এই নীরব শ্রদ্ধা দর্শক ও সমর্থকদের স্পর্শ করে।

আরও পড়ুনঃ ফাইনালে কি সত্যিই কিছু ঘটেছিল, ১ মাস পর ভিডিও বার্তায় যা জানাল আর্জেন্টিনা

এর আগে ম্যাচের ২১তম মিনিটে মিয়ামির পক্ষে ড্যানিয়েল পিন্টারের করা প্রথম গোলটিতেও মূল ভূমিকা ছিল মেসির। তাঁর বাঁ প্রান্তের নিখুঁত আক্রমণ থেকেই তৈরি হয়েছিল গোলের সুযোগটি। অন্যদিকে, ম্যাচের ১১তম মিনিটে ইন্ডিয়ান ভাসিলেভ ফিলাডেলফিয়াকে এগিয়ে নেওয়ার পর ৫৮তম মিনিটে নিল পিয়ের সমতাসূচক গোলটি করেন। ভিএআরের হস্তক্ষেপে ফিলাডেলফিয়ার আরও একটি গোল বাতিল না হলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত।

গত ৮ আগস্ট দীর্ঘ অসুস্থতার পর শেষনিশ্বাস ত্যাগ করেন মেসির বাবা হোর্হে মেসি। বাবার প্রয়াণের পর এটি ছিল মেসির তৃতীয় ম্যাচ। আগের দুটি ম্যাচে তিনি গোল পাননি; যার একটিতে মেক্সিকোর দল লিওনের কাছে হেরে লিগস কাপ থেকে বাদ পড়ে মিয়ামি এবং অন্যটিতে ন্যাশভিলের কাছে ৪–১ ব্যবধানে পরাজিত হয়। ওই ম্যাচে একটি পেনাল্টিও মিস করেছিলেন তিনি। তবে আজকের এই ১টি গোলের মাধ্যমে এমএলএসে চলতি মৌসুমে ১৩টি গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেসি। তালিকায় শীর্ষে থাকা এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসার চেয়ে তিনি এখন মাত্র ১ গোলে পিছিয়ে। বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থেকে ২ নম্বর অবস্থানে রয়েছে মিয়ামি (৩৯ পয়েন্ট)।

আরও পড়ুনঃ বন্ধু মেসির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন দে পল

উত্তেজনাপূর্ণ এই ম্যাচের যোগ করা সময়ে (১২ মিনিট) অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সৃষ্টি হয়। ফিলাডেলফিয়ার কুইন সুলিভানকে মিয়ামির ইয়ান ফ্রে ফাউল করার জের ধরে মাঠে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন মিয়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জেরে রেফারি ব্রাইট ও কাভান সুলিভান দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ বের করে দেন এবং কুইন সুলিভানকে দেখান হলুদ কার্ড। এই লাল কার্ডের কারণে আগামী ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না উদীয়মান তারকা কাভান সুলিভান, যিনি ১৮ বছর বয়স হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার চুক্তিতে রয়েছেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!