২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরুর একাদশে চারটি পরিবর্তন এনে মাঠে নামছে জাপান। গ্রুপ পর্বে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচের একাদশে বড় পরিবর্তন এনে নতুন পরিকল্পনা সাজিয়েছেন প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় হিউস্টনের স্টেডিয়ামে শুরু হবে রাউন্ড অব ৩২-এর এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
ব্রাজিলের বিপক্ষে জাপান তাদের পরিচিত ৩-৪-৩ ফরমেশনেই খেলবে বলে জানা গেছে। বলের দখলে থাকলে এই ছক দ্রুত আক্রমণাত্মক রূপ নেবে, যেখানে পাঁচজন খেলোয়াড় নিয়ে ব্রাজিলের রক্ষণভাগে চাপ সৃষ্টি করার পরিকল্পনা থাকবে সামুরাই ব্লুজদের।
একাদশে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দুই প্রান্তে। সুইডেনের বিপক্ষে বিশ্রামে থাকা তারকা রাইট উইং-ব্যাক রিতসু দোয়ান ফিরেছেন শুরুর একাদশে। বাঁ প্রান্তে থাকছেন কেইতো নাকামুরা। দুই উইং দিয়েই দ্রুতগতির আক্রমণ গড়ে তুলে ব্রাজিলের ফুল-ব্যাকদের চাপে রাখাই হবে জাপানের মূল কৌশল।
আরও পড়ুনঃ ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদান দিলেন নেইমার
মিডফিল্ডে দাইচি কামাদা কিছুটা নিচে নেমে কাইশু সানোর সঙ্গে দায়িত্ব পালন করবেন। আর আক্রমণভাগে কেন্দ্রীয় স্ট্রাইকার হিসেবে থাকবেন আয়াসে উয়েদা। তাকে দুই পাশ থেকে সহায়তা করবেন জুনিয়া ইতো ও দাইজেন মায়েদা।
গোলরক্ষক জায়ন সুজুকির সামনে তিন সদস্যের রক্ষণভাগে খেলবেন তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি ও হিরোকি ইতো। অভিজ্ঞতা, গতি এবং কৌশলের সমন্বয়ে গড়া এই একাদশ নিয়েই বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় তুলে নেওয়ার স্বপ্ন দেখছে জাপান।
আরও পড়ুনঃ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল জাপান
অন্যদিকে গ্রুপ পর্বে অপরাজিত থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জাপানের জন্য এটি কঠিন পরীক্ষা হলেও পরিকল্পিত ফুটবল দিয়ে চমক দেখানোর আশা করছে এশিয়ার দলটি।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন।
অনলাইনেও থাকছে একাধিক বিকল্প। সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি, মাই এয়ারটেল, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে। এছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপেও ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
জাপানের শুরুর একাদশ:
গোলরক্ষক: জায়ন সুজুকি।
ডিফেন্ডার: তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, হিরোকি ইতো।
মিডফিল্ডার/উইং-ব্যাক: রিতসু দোয়ান, কাইশু সানো, দাইচি কামাদা, কেইতো নাকামুরা।
ফরোয়ার্ড: জুনিয়া ইতো, আয়াসে উয়েদা, দাইজেন মায়েদা।

