২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল জাপান। দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবো হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।
সোমবার (বাংলাদেশ সময়) টেক্সাসের হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। তবে 'জাপানি মেসি' খ্যাত কুবোর অনুপস্থিতি সামুরাই ব্লুজদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিসকাসে চোট পান ২৫ বছর বয়সী এই উইঙ্গার। এরপর গ্রুপ ‘এফ’-এর বাকি দুই ম্যাচে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও মাঠে নামতে পারেননি তিনি।
আরও পড়ুনঃ ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টাইন ফুটবলার
রোববার দলের শেষ অনুশীলনে কুবোকে সতীর্থদের সঙ্গে নয়, আলাদাভাবে ফিটনেস অনুশীলন করতে দেখা যায়। এরপর তাকে নিয়ে কিছুটা আশার আলো দেখা দিলেও সংবাদ সম্মেলনে সেই সম্ভাবনা উড়িয়ে দেন কোচ মোরিয়াসু।
তিনি বলেন, ‘সে এখনো শুধু ব্যক্তিগতভাবে দৌড়ানো এবং অনুশীলন করছে, তাই ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে সে খেলছে না।’
কুবোর দ্রুত সুস্থতা কামনা করে জাপানের এই কোচ বলেন, ‘আমরা খুব করে চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক, এবং সে নিজেও সেটাই চাইছে।’
তারকা এই ফুটবলারকে ছাড়াই গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। এর মধ্য দিয়ে টানা তিনটি বিশ্বকাপে এবং গত পাঁচটি আসরের মধ্যে চতুর্থবারের মতো শেষ বত্রিশে জায়গা করে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছে দলটি।
তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন মোরিয়াসু। তিনি বলেন, ‘ব্রাজিল সবসময়ই একটি শীর্ষস্থানীয় দল। তাদের জেতার খুব ভালো সুযোগ রয়েছে। কেউ কেউ হয়তো বলবেন জাপান এই ম্যাচে আন্ডারডগ (পিছিয়ে থাকা দল)। আমরা সেই বিষয়টি মাথায় রেখেই খেলব।’
আরও পড়ুনঃ রাতে জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, একাদশে নেই নেইমার
তবে শক্তিশালী প্রতিপক্ষকে সামনে পেয়েও আত্মবিশ্বাস হারাতে রাজি নয় জাপান। গত বছর প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর স্মৃতি মনে করিয়ে দিয়ে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন কোচ।
তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষকে সম্মান করব, তবে গত বছরের ম্যাচের আগেও কিন্তু আমাদের জেতার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমাদের এই জেতার সম্ভাবনা দিয়েই আমরা ইতিহাস বদলে দিতে পারি।’
কুবোর অনুপস্থিতিতে আক্রমণভাগে বাড়তি দায়িত্ব নিতে হবে দলের অন্য ফুটবলারদের। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত সমন্বয়, শৃঙ্খলাবদ্ধ ফুটবল এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতার ওপরই সবচেয়ে বেশি নির্ভর করতে হবে সামুরাই ব্লুজদের।

