বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে হাইতিকে ৩–০ গোলে হারিয়েছে ব্রাজিল। মাতেউস কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলের ম্যাচে গোল মিসের একাধিক সুযোগ নষ্ট করেও বড় ব্যবধানেই জয় নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সেলেসাওরা।
প্রথমার্ধেই তিন গোলের লিড পাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি ব্রাজিল। তবু হাইতির বিপক্ষে সহজ জয় তুলে নেয় তারা।
ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ প্রান্ত দিয়ে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে হাইতির গোলরক্ষক জনি প্লাসিডকে একা পেয়ে যান তিনি। এরপর দুই পায়ের মাঝখান দিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে ৩–০ করেন ব্রাজিল তারকা।
এর আগে ৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মাতেউস কুনিয়া। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে ভিনিসিয়ুস জুনিয়রের দেওয়া ডিফেন্সচেরা পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। এর ফলে ব্যবধান হয় ২–০।
২৩তম মিনিটে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন কুনিয়াই। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ভিনিসিয়ুসের নেওয়া শট ফিরিয়ে দেন হাইতি গোলরক্ষক জনি প্লাসিড। তবে ফিরতি বলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে জালে বল পাঠান কুনিয়া।
তবে ব্রাজিলের গোল সংখ্যার চেয়ে বেশি আলোচনায় ছিল তাদের একাধিক গোল মিস। ম্যাচের ১২তম মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি।
আরও পড়ুনঃ মরক্কোর তারকা ফুটবলার হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শুরু হচ্ছে বিচার
২২তম মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। গোলরক্ষককে একা পেয়েও ফাঁকা পোস্টে বল রাখতে ব্যর্থ হন বার্সেলোনা তারকা রাফিনিয়া।
এরপর ৪০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর পরিবর্তে মাঠে নামেন বোর্নমাউথের তরুণ উইঙ্গার রায়ান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও প্রথম ১০ মিনিট হাইতি কিছুটা সংগঠিত ছিল। তবে এরপর ধীরে ধীরে ব্রাজিলের চাপের সামনে ভেঙে পড়ে তাদের রক্ষণভাগ।
ব্রাজিলের তিন গোলেই বড় ভূমিকা রাখেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম গোলে শট, দ্বিতীয় গোলে অ্যাসিস্ট এবং তৃতীয় গোলটি নিজে করে ম্যাচে ছিলেন সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন।
মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর জয়ের খোঁজে নামা ব্রাজিল এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনে। ইবানিয়েজ ও ইগর থিয়াগোর জায়গায় সুযোগ পান দানিলো ও মাতেউস কুনিয়া। কুনিয়া সেই সুযোগ কাজে লাগিয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক হন।
হাইতির বিপক্ষে এই জয়ে গ্রুপ ‘সি’-তে অবস্থান আরও শক্ত করল ব্রাজিল। বড় ব্যবধানের সুযোগ থাকলেও একাধিক মিসের কারণে স্কোরলাইন আরও বড় হয়নি।

