মরক্কোর তারকা ফুটবলার হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শুরু হচ্ছে বিচার

জিটি রিপোর্ট

প্রকাশ:

আশরাফ হাকিমি
আশরাফ হাকিমি |ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালীন বড় ধরনের আইনি চাপে পড়েছেন মরক্কো জাতীয় দলের অধিনায়ক ও পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। ফরাসি সরকারি কৌঁসুলিরা নিশ্চিত করেছেন যে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। দীর্ঘ তদন্ত শেষে আদালত এই সিদ্ধান্তে পৌঁছায়।

২০২৩ সালে এক তরুণী অভিযোগ করেন যে, প্যারিসে হাকিমির বাসায় তিনি ধর্ষণের শিকার হন। অভিযোগের সময় ওই তরুণীর বয়স ছিল ২৪ বছর। ঘটনার পর ২০২৩ সালের মার্চে প্যারিসের পশ্চিম উপশহর নানতান্তের সরকারি প্রসিকিউটরের কার্যালয় প্রাথমিক তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একজন তদন্তকারী বিচারক মামলাটির বিচার শুরু করার নির্দেশ দেন। সম্প্রতি এই সিদ্ধান্ত বাতিলের জন্য হাকিমির করা আপিল আদালত খারিজ করে দিয়েছে।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্রও

২৭ বছর বয়সী হাকিমি শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। বাংলাদেশ সময় কাল ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মরক্কোকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তাঁর। মাঠের লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাকিমি লিখেছেন, ‘বিচারব্যবস্থা যেন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, “তুমি যদি বিখ্যাত না হতে, তবে এই মামলা কখনোই হতো না।” আমি বছরের পর বছর চুপ থাকা বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম মর্যাদা ধরে রাখা, ধৈর্য ধরা এবং বিচারব্যবস্থার ওপর আস্থা রাখলে সঠিক সিদ্ধান্ত আসবে। আজ আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যের বিনিময়ে এমন এক গল্প ছড়ানো হচ্ছে, যা আমার নয়। মাঝে মাঝে মনে হয়, আমি খুব সহজ একটা লক্ষ্যবস্তু হয়ে গেছি। আমি প্রথম দিন থেকেই এই বিচারের অপেক্ষায় ছিলাম। এখনো আমি অধীর আগ্রহে এর জন্য অপেক্ষা করছি। অবশেষে আমি নিজের কথা বলতে পারব।’

আরও পড়ুনঃ ৭১ সেকেন্ডের দ্রুততম গোলেই জিতল মরক্কো

অন্যদিকে অভিযোগকারী তরুণীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পার্দোর পক্ষ থেকে এক বিবৃতিতে স্বস্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, ‘তিন বছরের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্ত আমার মক্কেলের মনে স্বস্তি ও আশা জাগিয়েছে। আশরাফ হাকিমির আইনজীবীরা আমার মক্কেলের মানহানি করেছে এবং তার দিকে কাদা ছুড়েছে। তবে এই সিদ্ধান্তের পর সে স্বস্তি পেয়েছে যে বিচারব্যবস্থা তার কথা শুনেছে এবং সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা আশা করি, এই বিচার অন্য নারীদেরও সাহায্য করবে এবং পুরুষ ফুটবলের দুনিয়ায় যৌন সহিংসতাকে কেন্দ্র করে গড়ে ওঠা অস্বীকার ও দায়মুক্তির দেয়ালকে ভেঙে দেবে।’

আদালত এখনো নির্দিষ্ট করেনি কবে থেকে এই বিচার কার্যক্রম শুরু হবে।

বিশ্বকাপে মরক্কোর সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে এবং দলটি বর্তমানে সেখানেই অবস্থান করছে। তবে মরক্কো নকআউট পর্বে উঠলে এবং ম্যাচ যদি কানাডা বা মেক্সিকোতে পড়ে, তাহলে হাকিমির প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

এ ধরনের আইনি জটিলতার কারণে আগে একই ধরনের সমস্যায় পড়েছিলেন ঘানার মিডফিল্ডার টমাস পার্টি, যিনি কানাডায় প্রবেশ করতে পারেননি এবং দলের একটি ম্যাচ মিস করেছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!