বোরহ্যাম উডের হয়ে ন্যাশনাল লিগে অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ। গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখে দলকে বড় জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ঘরের মাঠ মিডো পার্কে লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ৫-২ গোলের জয় পায় বোরহ্যাম উড। এই ম্যাচে নিজের প্রথম ন্যাশনাল লিগ উপস্থিতিই স্মরণীয় করে রাখেন ফারহান।
আরও পড়ুনঃ বাংলাদেশি ফুটবলারকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা
ম্যাচের ৪১তম মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বোরহ্যাম উডের হয়ে গোলের খাতা খোলেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে তার গুরুত্বপূর্ণ অবদানেই তারান আল্লারাখিয়ার গোল আসে।
ফুলহ্যাম থেকে কয়েক দিন আগেই ধারে বোরহ্যাম উডে যোগ দেন ফারহান। নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই গোল ও অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।
এর আগে ফুলহ্যামের বয়সভিত্তিক দলেও নজরকাড়া পারফরম্যান্স করেছেন ফারহান। গত মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেকেও জালের দেখা পান এই তরুণ ফুটবলার।
ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলে খেলার চতুর্থ মাসেই প্রিমিয়ার লিগ ২-এর নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারহান। ওই সময়ে বয়সভিত্তিক দলটির হয়ে দুই ম্যাচে তিন গোল করেন তিনি।
আরও পড়ুনঃ খেলার মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী
ফুলহ্যামের প্রাক-মৌসুম প্রস্তুতি দলের সঙ্গেও ছিলেন ফারহান। নরিচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রথমবার মূল দলের হয়ে মাঠে নামেন তিনি। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচেও খেলেন এই তরুণ।
ফলে ফুলহ্যামের মূল দলের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের সম্ভাবনা তৈরি হলেও অভিজ্ঞতা অর্জনের জন্য তাকে ধারে বোরহ্যাম উডে পাঠানো হয়।
এদিকে, ফারহান আলি ওয়াহিদকে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে এই প্রতিভাবান ফুটবলারের।

