ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে। এবারের আসরও তার ব্যতিক্রম নয়। টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন, ট্যাবলেট ও ল্যাপটপের মাধ্যমে সহজেই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলের পাশাপাশি একাধিক ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের সব ম্যাচ।
বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচারস্বত্ব সংগ্রহ করেছে চ্যানেলগুলো।
জানা গেছে, বিশ্বকাপ সম্প্রচারের স্বত্বমূল্য চূড়ান্তভাবে ৩০ লাখ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটিরও বেশি টাকা।
আরও পড়ুনঃ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলবেন হাসান মাহমুদ
তবে টেলিভিশনে সম্প্রচার নিশ্চিত হওয়ার আগেই বিভিন্ন ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্ম বিশ্বকাপ দেখার সুযোগের ঘোষণা দিয়ে ফুটবলপ্রেমীদের স্বস্তি এনে দেয়। ফলে যারা টিভির সামনে বসে খেলা দেখার সুযোগ পাবেন না, তারাও স্মার্ট ডিভাইসের মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন।
মোবাইল ফোনে বিশ্বকাপ দেখতে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে ব্যবহার করা যাবে কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। মোবাইল অপারেটর রবির ‘মাই রবি’ অ্যাপ, বাংলালিংকের ‘টফি’ এবং গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’ প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচগুলো।
এসব প্ল্যাটফর্মে স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ থেকে সহজেই লগইন করে খেলা দেখা যাবে। ফলে বাসায়, অফিসে কিংবা যেকোনো জায়গায় অবস্থান করেও ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারবেন বিশ্বকাপের উত্তেজনা।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজন হিসেবে পরিচিত ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর প্রতিটি ম্যাচ এবার টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও হাতের মুঠোয় নিয়ে আসছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো। এতে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নিজেদের প্রিয় দল ও তারকাদের খেলা দেখার সুযোগ পাবেন।

