বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বড় অঘটনের শঙ্কা জাগিয়েও শেষ পর্যন্ত ব্রাজিলকে আটকাতে পারেনি জাপান। হিউস্টনে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-১ গোলের নাটকীয় জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের ২৮ মিনিটে ব্রাজিলের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে কাইশু সানোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় জাপান। প্রথমার্ধে গোল শোধে একাধিক চেষ্টা করেও সফল হতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সংগঠিত রক্ষণে ব্রাজিলের আক্রমণভাগকে আটকে রাখে জাপান।
বিরতির পর আক্রমণের ধার বাড়াতে পরিবর্তন আনেন আনচেলত্তি। ৫৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দিক থেকে গড়ে ওঠা আক্রমণে গ্যাব্রিয়েল মাগালিয়ায়েসের ক্রস থেকে হেডে সমতা ফেরান কাসেমিরো। ভিএআর পর্যালোচনার পর গোলটি বহাল থাকে।
সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ব্রাজিল। একের পর এক আক্রমণে জাপানকে চাপে রাখলেও নির্ধারিত সময়ের মধ্যে জয়সূচক গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা।
আরও পড়ুন: রাতে জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, একাদশে নেই নেইমার
তবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে আসে কাঙ্ক্ষিত গোল। ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই গোলই নিশ্চিত করে ব্রাজিলের জয় এবং শেষ ষোলোয় জায়গা।
ম্যাচের শেষদিকে চোট পেয়ে মাঠ ছাড়েন গোলদাতা কাসেমিরো, যা ব্রাজিল শিবিরে কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্রথমার্ধে দলের ছন্দহীন পারফরম্যান্সও পরবর্তী ম্যাচের আগে ভাবনার বিষয় হয়ে থাকবে আনচেলত্তির জন্য।
অন্যদিকে, পরিকল্পিত ফুটবল খেলেও শেষ মুহূর্তে হার মানতে হয়েছে জাপানকে। দীর্ঘ সময় ব্রাজিলকে চাপে রাখলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও আক্রমণভাগের ধারেই জয় তুলে নেয় সেলেসাওরা।

