জয়ের ‘১০০০ শতাংশ’ কৃতিত্ব দলের সবাইকে দিলেন তামিম

জিটি রিপোর্ট

প্রকাশ:

বিসিবি সভাপতি তামিম ইকবাল
বিসিবি সভাপতি তামিম ইকবাল |ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তাঁর মতে, ডারউইনে পাওয়া এই জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি বড় বার্তা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, এই অর্জনের পেছনে বোর্ডের চেয়ে বেশি অবদান রয়েছে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের। মাঠের পারফরম্যান্স দিয়েই তাঁরা এই সাফল্য এনে দিয়েছেন।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া বধের নায়ক হাসান মাহমুদ জানালেন সাফল্যের মূলমন্ত্র

তামিম বলেন, ‘যেকোনো দলের জন্য অস্ট্রেলিয়ায় খেলা অনেক কঠিন। ২৩ বছর পর ওখানে গিয়ে যেভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ দল জিতেছে, তার কৃতিত্ব ১০০০ শতাংশ তাদের। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক—সবাইকে কৃতিত্ব দিতে হয়। আমরা বোর্ডে শুধু তাদের সহায়তা করতে, সুযোগ-সুবিধা দিতে ও গাইড করতে আছি। এই অর্জনে অন্য কারও কৃতিত্ব নেই, এটি সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট, নির্বাচক এবং খেলোয়াড়দের।’

ম্যাচ শেষ হওয়ার পরপরই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময়ও তিনি উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেটে এমন অর্জন খুব বেশি আসেনি বলেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোকে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।

দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়নি তামিমের। তবে তাঁর উত্তরসূরিদের এমন ঐতিহাসিক সাফল্যের সময়ে তিনি দায়িত্ব পালন করছেন বিসিবি সভাপতির পদে।

অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার কোনো দলের জন্যও এই জয়টি বিশেষ। চলতি শতাব্দীতে অস্ট্রেলিয়ায় জয় পায়নি পাকিস্তান, আর শ্রীলঙ্কা কখনোই সেখানে টেস্ট জিততে পারেনি। ডারউইন টেস্টে বাংলাদেশের ৯ উইকেটের জয় তাই এশিয়ার কোনো দলের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় জয়গুলোর একটি।

এমন বড় অর্জনের পর ক্রিকেটারদের জন্য বিশেষ বোনাসের বিষয়ে জানতে চাইলে তামিম বিস্তারিত জানাতে চাননি। তিনি বলেন, ‘বোনাসের বিষয়টা আমাদের মধ্যেই (খেলোয়াড় ও বোর্ড) থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটা শুধু একটি জয় নয়, একটা শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

আরও পড়ুনঃ বাংলাদেশকে জয়ের আভাস দিচ্ছে পরিসংখ্যানও

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের অবস্থান এখন চার নম্বরে। সামনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে আরও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

ফাইনালের সম্ভাবনা নিয়েও আশাবাদী তামিম। তবে তিনি এখনই বেশি দূরের লক্ষ্য নিয়ে ভাবতে চান না। তাঁর বিশ্বাস, দলের বর্তমান পারফরম্যান্স ধরে রাখতে পারলে বড় কিছুই সম্ভব।

তামিম বলেন, ‘তারা যেভাবে খেলছে তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটা টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের কাজ, তারা এটি নিয়ে ভাববে।’

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!