২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে না রাখার ইঙ্গিত দিয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্ব আগেই নিশ্চিত হওয়ায় অধিনায়ককে বিশ্রাম দিয়ে একাধিক পরিবর্তন এনে বিকল্প একাদশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় (রোববার সকাল ৮টা) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পূর্ণ শক্তির দল নামিয়ে ঝুঁকি নিতে চান না স্কালোনি। দলের শেষের আগের অনুশীলনে তিনি মূলত বিকল্প একাদশ নিয়েই পরীক্ষা-নিরীক্ষা করেছেন। যদিও সেটিই চূড়ান্ত দল নয়, তবু অনুশীলনে পাওয়া ইঙ্গিত বলছে, জর্ডানের বিপক্ষে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে।
আরও পড়ুনঃ ফিফার বিশেষ নিয়মে গ্রুপে তৃতীয় হয়েও নকআউট পর্বে যেতে পারে যেসব দল
গত সোমবার অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর আলজেরিয়া জর্ডানকে পরাজিত করায় গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। ফলে নিয়মিত ফুটবলারদের বিশ্রাম দেওয়ার সুযোগ পান স্কালোনি।
এই পরিকল্পনায় আর্জেন্টিনা একসঙ্গে দুটি সুবিধা পাবে। প্রথমত, এখনো বিশ্বকাপে মাঠে নামার সুযোগ না পাওয়া ফুটবলাররা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন। দ্বিতীয়ত, আগামী ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে নিয়মিত খেলোয়াড়দের সতেজ রাখা সম্ভব হবে।
পুরো অনুশীলনই ছিল বন্ধ দরজার আড়ালে। তবে অনুশীলনে স্কালোনি যে একাদশ নিয়ে কাজ করেছেন, তাতে অধিনায়ক লিওনেল মেসির নাম ছিল না। যদিও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের।
অনুশীলনে গোলরক্ষকের দায়িত্ব পালন করেন হুয়ান মুসো। তবে ম্যাচে গোলবারের নিচে আস্থা রাখা হতে পারে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের ওপর। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা কোনো গোল না খাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তাই জর্ডানের বিপক্ষেও শুরুর একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি দিবুরই।
রক্ষণভাগে অনুশীলনে ছিলেন গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে না পারা মনতিয়েল পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন, যা স্কালোনির জন্য স্বস্তির খবর।
মাঝমাঠের রক্ষণাত্মক দায়িত্বে লিয়ান্দ্রো পারেদেসকে রাখার পরিকল্পনা দেখা গেছে। অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় তিনি রাউন্ড অব ৩২-এর আগে ঝুঁকিতে থাকলেও জর্ডানের বিপক্ষে তাকে খেলানোর দিকেই ঝুঁকছেন স্কালোনি।
পারেদেসের সঙ্গে মাঝমাঠে দেখা যেতে পারে এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো ও জুলিয়ানো সিমেওনেকে। তবে বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ না পাওয়া ভ্যালেন্তিন বারকোরও শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে লো সেলসোর জায়গায় খেলতে পারেন তিনি।
আরও পড়ুনঃ বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত ১৩ দলের, কোন দলের কাদের বিপক্ষে খেলা
অনুশীলনে মাঝমাঠ ও আক্রমণের সংযোগ রক্ষার দায়িত্বে ছিলেন নিকো পাস। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছেন হুলিয়ান আলভারেস। আর সেখানেই সবচেয়ে বড় চমক ছিল লিওনেল মেসিকে বাইরে রাখা।
বিশ্বকাপের বর্তমান সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে অনুশীলনে শুরুর একাদশের বাইরে রেখেই দল সাজান স্কালোনি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রয়োজন হলে অধিনায়ককে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।
সম্ভাব্য একাদশ
হুয়ান মুসো; গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো অথবা ভ্যালেন্তিন বারকো, জুলিয়ানো সিমেওনে, নিকো পাস; হুলিয়ান আলভারেস।

