ফিফার বিশেষ নিয়মে গ্রুপে তৃতীয় হয়েও নকআউট পর্বে যেতে পারে যেসব দল

জিটি রিপোর্ট

প্রকাশ:

 বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি |ছবি: সংগৃহীত

মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ৪৮ দলের ফরম্যাটে গ্রুপ পর্বের শেষ মুহূর্তের সমীকরণ জমে উঠেছে। এবার প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দলও জায়গা পাবে রাউন্ড অব ৩২-এ। ফলে ৪ পয়েন্ট পাওয়া কয়েকটি দল ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে, আবার ৩, ২ কিংবা ১ পয়েন্ট পাওয়া কয়েকটি দলের ভাগ্য এখনও ঝুলে আছে গোল ব্যবধান ও অন্যান্য সমীকরণের ওপর। সব গ্রুপের খেলা শেষ হওয়ার পরই নিশ্চিত হবে কোন আটটি তৃতীয় স্থান অধিকারী দল শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে।

গাণিতিক সিমুলেশনের পূর্বাভাস বলছে, ৪ পয়েন্ট পাওয়া দলগুলো নিশ্চিতভাবেই পরের পর্বে যাচ্ছে। ৩ পয়েন্ট পাওয়া দলগুলোর ভাগ্য অনেকটাই নির্ভর করছে গোল ব্যবধানের ওপর। অন্যদিকে ২ পয়েন্ট পাওয়া দলগুলোর সম্ভাবনা তুলনামূলক কম হলেও কয়েকটি দলের সামনে এখনও সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ গ্রুপের শেষ দুই ম্যাচ একই সময়ে হওয়ার নেপথ্যে কী

ইকুয়েডর

৪ পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে ইকুয়েডর ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দলটি চাপে থাকলেও শেষ গ্রুপ ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে। রাউন্ড অব ৩২-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো।

বসনিয়া ও হার্জেগোভিনা

৪ পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়ে কানাডার গ্রুপে তৃতীয় হওয়া বসনিয়া ও হার্জেগোভিনা নিশ্চিত করেছে শেষ ৩২। আগামী ১ জুলাই সান দিয়েগোতে তারা মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।

সুইডেন

৪ পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে সুইডেনও নিশ্চিত করেছে নকআউট পর্ব। নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হারের পর শেষ ম্যাচে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ৩০ জুন মেটলাইফ স্টেডিয়ামে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স অথবা নরওয়ে।

দক্ষিণ কোরিয়া

৩ পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়ে দক্ষিণ কোরিয়ার শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ৮৩ শতাংশ। যদিও শেষ গ্রুপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ গোলে হেরে কিছুটা চাপে পড়ে দলটি। সেই ম্যাচে অধিনায়ক সন হিউং-মিনকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্তও আলোচনার জন্ম দিয়েছে।

স্কটল্যান্ড

৩ পয়েন্ট ও -৩ গোল ব্যবধান নিয়ে স্কটল্যান্ডের অবস্থা বেশ কঠিন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হারের পর তাদের সম্ভাবনা নেমে এসেছে মাত্র ১৬ শতাংশে। টুর্নামেন্ট চলাকালে সাক্ষাৎকারের মাঝপথে দলটির কোচ স্টিভ ক্লার্কের চলে যাওয়ার ঘটনাও সমালোচনার জন্ম দিয়েছে।

ক্রোয়েশিয়া

৩ পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়ে ক্রোয়েশিয়ার তৃতীয় স্থান থেকে পরের পর্বে ওঠার সম্ভাবনা ৩৪ শতাংশ। তবে গ্রুপে দ্বিতীয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে লুকা মদ্রিচের দল। শনিবার ঘানার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা। সব মিলিয়ে ক্রোয়েশিয়ার নকআউট পর্বে ওঠার সম্ভাবনা ৯১ শতাংশ। এর মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ এবং রানার্সআপ হওয়ার সম্ভাবনা ৪৮ শতাংশ। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলে সেটি বড় অঘটন হিসেবে বিবেচিত হবে।

আলজেরিয়া

৩ পয়েন্ট ও -২ গোল ব্যবধান নিয়ে আলজেরিয়ারও পরের পর্বে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। রানার্সআপ হিসেবে ওঠার সম্ভাবনা ৩৪ শতাংশ, তৃতীয় দল হিসেবে ওঠার সম্ভাবনাও ৩৪ শতাংশ। প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হারলেও জর্ডানের বিপক্ষে জয় তুলে নিয়ে তারা নকআউটের দৌড়ে টিকে আছে। শনিবার অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে দলটি।

প্যারাগুয়ে

৩ পয়েন্ট ও -২ গোল ব্যবধান নিয়ে প্যারাগুয়ের তৃতীয় হয়ে ওঠার সম্ভাবনা ৩৫ শতাংশ। তবে গ্রুপে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা ৪৫ শতাংশ হওয়ায় তাদের মোট সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে বড় ব্যবধানে হারলেও তুরস্ককে হারিয়ে আবারও লড়াইয়ে ফিরেছে দলটি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

কেপ ভার্দে

২ পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে কেপ ভার্দের সামগ্রিক সম্ভাবনা ৬৫ শতাংশ। তবে তাদের তৃতীয় হয়ে নয়, দ্বিতীয় হয়ে পরের পর্বে যাওয়ার সম্ভাবনাই বেশি। স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করে ছোট এই দলটি চমক দেখিয়েছে। শুক্রবার সৌদি আরবের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ।

বেলজিয়াম

২ পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে বেলজিয়ামের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা ৯০ শতাংশ। তবে তারাও তৃতীয় হয়ে নয়, শীর্ষ দুইয়ের মধ্যে থেকে পরের পর্বে যাওয়ার সম্ভাবনাই বেশি। মিশর ও ইরানের সঙ্গে ড্র করলেও এখনও অপরাজিত রয়েছে দলটি। শুক্রবার তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র

মাত্র ১ পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়েও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের আশা শেষ হয়ে যায়নি। পর্তুগালের বিপক্ষে ড্র করলেও কলম্বিয়ার কাছে হেরেছে তারা। শনিবার উজবেকিস্তানকে হারাতে পারলে তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার সম্ভাবনা থাকবে প্রায় ৪২ শতাংশ।

সেনেগাল

কোনো পয়েন্ট না পেয়েও সেনেগাল এখনও লড়াইয়ে রয়েছে। প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হারলেও তাদের পারফরম্যান্স ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গোল ব্যবধান -৩ হওয়ায় শুক্রবার ইরাককে হারাতে পারলে তাদের নকআউটে ওঠার সম্ভাবনা দাঁড়াবে প্রায় ৫৯ শতাংশ।

আরও পড়ুনঃ বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত ১৩ দলের, কোন দলের কাদের বিপক্ষে খেলা

ফিফার নিয়মে কীভাবে নির্ধারিত হবে সেরা আট দল

নতুন ৪৮ দলের এই বিশ্বকাপ ফরম্যাটে শেষ গ্রুপ ম্যাচের আগে খুব কম দলই আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। ৪৮ দলের মধ্যে ৩৬টি দল শেষ ম্যাচের আগে অন্তত তৃতীয় হওয়ার সুযোগ ধরে রেখেছিল। এমনকি পয়েন্টশূন্য সেনেগাল ও ইরাকও এখনও দৌড়ে রয়েছে। শুক্রবার দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ী দলটি তৃতীয় স্থান অধিকারী হিসেবে পরের পর্বে যাওয়ার সুযোগ পেতে পারে। তবে সেক্ষেত্রে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেনেগালের গোল ব্যবধান -৩ হওয়ায় তাদের অবস্থান তুলনামূলক ভালো, আর ইরাকের গোল ব্যবধান -৬ হওয়ায় জয় পেলেও তাদের সম্ভাবনা কম।

তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে সেরা আটটি নির্ধারণে ফিফা প্রথমে সব গ্রুপ ম্যাচ থেকে অর্জিত মোট পয়েন্ট বিবেচনা করবে। এরপর দেখা হবে গোল ব্যবধান, তারপর মোট গোলসংখ্যা। এরপরও সমতা থাকলে ফেয়ার প্লে পয়েন্ট—অর্থাৎ হলুদ ও লাল কার্ডের হিসাব বিবেচনায় নেওয়া হবে। সবশেষে প্রয়োজন হলে ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করলেই প্রতিপক্ষ নির্ধারিত হয়ে যায় না। তৃতীয় স্থান অধিকারী দলগুলো কোন কোন গ্রুপ থেকে এসেছে, তার ওপর নির্ভর করবে তারা নকআউট পর্বে কার বিপক্ষে এবং কোন ভেন্যুতে খেলবে। ফিফা আগেই সেই ব্র্যাকেট ও স্লট নির্ধারণ করে রেখেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!