মেক্সিকোর প্রেসিডেন্টের দাবি—ইরানের বিশ্বকাপ দলকে ‘রাখবে না’ যুক্তরাষ্ট্র

জিটি রিপোর্ট

প্রকাশ:

 ইরানের ফুটবল দল
ইরানের ফুটবল দল |ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে সৃষ্টি হওয়া রাজনৈতিক নাটকীয়তা এবার নতুন মোড় নিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম দাবি করেছেন, ইরান ফুটবল দলকে টুর্নামেন্টের পুরোটা সময় নিজেদের মাটিতে রাখতে রাজি নয় যুক্তরাষ্ট্র সরকার। আর এ কারণেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মেক্সিকো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং মেক্সিকো এশিয়ার এই দলটিকে নিজেদের দেশে রাখতে সানন্দে রাজি হয়েছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্বকাপে সূচি অনুযায়ী ইরানের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক বৈরিতার কারণে পরিস্থিতির জটিলতা বাড়ছে। প্রতিদিনের সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, ‘মেক্সিকোয় তাদের থাকার ব্যাপারে আমাদের না বলার কোনো কারণই নেই।’ তবে এই বিষয়ে হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও, তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ফের গোল্ডেন বুট জিতলেন আর্লিং হলান্ড

মেক্সিকোর প্রেসিডেন্টের এই বক্তব্যের মাঝেই ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ শনিবার জানিয়েছেন, তাদের দলের বিশ্বকাপ ক্যাম্প এখন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পরিবর্তে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিয়ুনায় অনুষ্ঠিত হবে।

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে এই টানাপোড়েনের সূত্রপাত মূলত সাম্প্রতিক সামরিক সংঘাত থেকে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে অতর্কিত বিমান হামলা চালালে, জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোয় অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে। গত ৮ এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, ওই হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

ইরান শুরু থেকেই স্পষ্ট জানিয়েছিল, তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে রাজি নয়। তারা তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার দাবি তুললেও ফিফা তাতে ইতিবাচক সাড়া দেয়নি। এর মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। সব জটিলতা কাটিয়ে আগামী ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরুর কথা রয়েছে। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!