আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে হ্যাটট্রিক করার পর লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তার মতে, মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে আর কোনো বিতর্ক বা সংশয়ের জায়গা নেই, কারণ দীর্ঘ সময় ধরে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজেকে প্রমাণ করে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপ শিরোপাধারী আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনটি গোলই করেন মেসি। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। একই সঙ্গে এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬, যা তাকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে বসিয়েছে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়।
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের পর পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’কে দেওয়া সাক্ষাৎকারে মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রোনালদো। তিনি বলেন, 'এখন সময় এসেছে পৃথিবীর লুকোচুরি বন্ধ করে সত্যিটা মেনে নেওয়ার, সে-ই সর্বকালের সেরা ফুটবলার। প্রতি মৌসুমে, প্রতি বড় টুর্নামেন্টে, এমনকি বিশ্বকাপেও সে নিজেকে প্রমাণ করে চলেছে। তারপরও যদি কারও মনে সংশয় থাকে, তাহলে আর বলার কিছু নেই।'
ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি মনে করেন, মেসির অসাধারণ পারফরম্যান্সের কারণেই কানসাস সিটির ম্যাচটি ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এটি একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত। ফুটবলের ইতিহাসে এই ম্যাচ অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে।'
আরও পড়ুনঃ বৈশ্বিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে গোলশূন্য রোনালদো
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দীর্ঘদিন নিজের নাম শীর্ষে দেখেছিলেন রোনালদো। ২০১৪ সালের আগে ১৫ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। পরে মিরোস্লাভ ক্লোসা সেই রেকর্ড ভাঙেন। এবার আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে রোনালদোকেও ছাড়িয়ে গেছেন মেসি।
নিজের পুরোনো রেকর্ড মেসির ভেঙে ফেলা নিয়ে কোনো আক্ষেপ নেই ব্রাজিলিয়ান কিংবদন্তির। বরং তিনি এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন। রোনালদো বলেন, 'রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আর যে খেলোয়াড় রেকর্ডটা ভেঙেছে, সে আমাকে মোটেও বিস্মিত করেনি। বিশ্বের কোনো ফুটবলভক্তেরই বিস্মিত হওয়ার কথা নয়। তা ছাড়া আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।'
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্য অর্জন করা মেসি বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ, ব্যালন ডি'অরসহ ফুটবলের প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বকাপের মঞ্চে ধারাবাহিক সাফল্য এবং গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার অসাধারণ ক্ষমতা।
সেই কারণেই রোনালদো নাজারিওর মতো একজন বিশ্বকাপজয়ী কিংবদন্তিও মনে করছেন, লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। তার দৃষ্টিতে, বর্তমান সময় নয়, ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরা খেলোয়াড় মেসি।

