লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। দীর্ঘ ১৭ বছর এই জার্সি মেসির পরিচয়ের অংশ ছিল। এখন তাঁর বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন, আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে?
২০০৯ সালের ২৮ মার্চ। ভেনেজুয়েলার বিপক্ষে সেদিন ৪-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। তবে সেই জয়কে ছাপিয়ে স্মৃতিতে গেঁথে আছে অন্য একটি দৃশ্য। নীল-সাদা জার্সির পিঠে ছিল চিরচেনা ১০ নম্বর। লিওনেল মেসি সেদিন প্রথমবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন।
এরপর কেটে গেছে ১৭ বছর। এই দীর্ঘ সময়ে ১০ নম্বর জার্সি যেন মেসির শরীরেরই অংশ হয়ে উঠেছিল। আর্জেন্টিনার হয়ে ১৭২ ম্যাচে এই জার্সি পরে খেলেছেন তিনি।
এর আগে ডিয়েগো ম্যারাডোনা, আরিয়েল ওর্তেগা, হুয়ান রোমান রিকেলমে ও মারিও কেম্পেসের মতো কিংবদন্তিরা আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিকে মহিমান্বিত করেছেন। তবে সময়ের হিসাবে এবং প্রভাবের গভীরতায় এই জার্সির সবচেয়ে দীর্ঘ অধ্যায় মেসির নামেই লেখা।
আরও পড়ুনঃ হাসান মাহমুদের পর এবার কাউন্টিতে খেলবেন খালেদ আহমেদ
আর্জেন্টিনায় ১০ নম্বর জার্সির গুরুত্বও অন্য রকম। এই নম্বর মানেই দলের প্রাণভোমরা। সেই খেলোয়াড়ের পায়ে বল গেলে বদলে যায় স্টেডিয়ামের আবহ। সমর্থকদের আশা, ভালোবাসা, কখনো রাগ ও অভিমান—সবকিছু যেন মিশে থাকে এই একটি সংখ্যায়।
তাই ১০ নম্বর জার্সির দায়িত্ব শুধু মাঠে খেলার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে বিশাল মানসিক চাপও।
মেসি অবসরের ঘোষণা দেওয়ার পর তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এবার কে পরবেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি?
মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এমন অনেক সময় এসেছে, যখন তিনি আর্জেন্টিনার হয়ে মাঠে ছিলেন না। সেই সময় ১৭ জন খেলোয়াড় ১০ নম্বর জার্সি পরেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি সাতবার এই জার্সি পরেছেন সের্হিও আগুয়েরো। আনহেল কোরেয়া পরেছেন পাঁচবার।
এ ছাড়া ২৮টি ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি ছিল খালি। যেন অপেক্ষায় ছিল তার নিয়মিত মালিকের জন্য।
এখন সেই অপেক্ষার ধরন বদলে গেছে। মেসি আর ফিরছেন না। ফলে এবার স্থায়ীভাবেই নতুন কাউকে এই জার্সির দায়িত্ব নিতে হবে।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘এল গ্রাফিকো’ বলছে, নতুন উত্তরাধিকারী হয়তো খুব দূরের কেউ নন। সাম্প্রতিক সময়ে যাঁরা আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন, তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হতে পারে মেসির উত্তরসূরি।
সম্ভাব্য তালিকায় বেশ কয়েকজনের নাম রয়েছে। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লাওতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস পাজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস গঞ্জালেস—সবাই আলোচনায় আছেন।
তবে বাস্তবতার হিসাবে সবাই সমান সম্ভাবনাময় নন।
মেসির উপস্থিতিতে সর্বশেষ ১০ নম্বর জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তরুণ এই মিডফিল্ডার প্রতিভাবান। তবে এত দ্রুত তাঁর কাঁধে ১০ নম্বরের মতো বিশাল দায়িত্ব তুলে দেওয়া হবে কি না, সেটি নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
বরং সম্ভাবনার দৌড়ে এগিয়ে আছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ম্যাক অ্যালিস্টার ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে ১০ নম্বর জার্সি পরেন। মাঝমাঠে তাঁর সৃজনশীলতা আছে। খেলা পড়ার ক্ষমতাও ভালো। বল পায়ে দলের আক্রমণ গড়ে তুলতে পারেন। সব মিলিয়ে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সঙ্গে তাঁর প্রোফাইল বেশ মানানসই।
তবে চমকও দেখা যেতে পারে। আলোচনায় আছেন এনজো ফার্নান্দেজও। আর্জেন্টিনার হয়ে এখনো ১০ নম্বর জার্সি পরেননি তিনি। তবে কোচ লিওনেল স্কালোনির মাঝমাঠে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
আর্জেন্টিনার খেলা গড়ে তোলার দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এনজোর। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির পাশাপাশি প্রতিপক্ষের চাপ সামলাতেও তিনি কার্যকর। তাই তাঁকেও ১০ নম্বরের বাস্তবসম্মত উত্তরসূরি হিসেবে ভাবছেন অনেকে।
আরেকটি নাম বারবার আলোচনায় আসছে নিকোলাস পাজের। বয়স মাত্র ২১ বছর। এরই মধ্যে প্রতিভার ঝলক দেখাতে শুরু করেছেন তিনি।
ক্লাব ফুটবলে কোমোর হয়ে ১০ নম্বর জার্সি পরেন পাজ। আর্জেন্টিনার হয়ে এখনো তাঁর ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি নয়। তারপরও ভবিষ্যতের আর্জেন্টিনা দলের প্রতীক হিসেবে তাঁকে দেখছেন অনেকে।
আরও পড়ুনঃ বিপিএলের ক্ষতি পুষিয়ে দেবে বিপিএল: বিসিবির সঙ্গে বৈঠকের পর কোয়াব
লাওতারো মার্তিনেজের নামও এই আলোচনার বাইরে রাখা যায় না। ইন্টার মিলানের হয়ে ১০ নম্বর জার্সি পরেন তিনি। ক্লাবটির অধিনায়কও তিনি।
লাওতারোর সবচেয়ে বড় শক্তি তাঁর গোল করার ক্ষমতা। পাশাপাশি নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। তবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি আবার কোনো ফরোয়ার্ডের গায়ে উঠবে কি না, সেটিও বড় প্রশ্ন।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি যাঁকেই বেছে নিন, তাঁর জন্য কাজটি সহজ হবে না।
কারণ নতুন খেলোয়াড়টি শুধু একটি জার্সি পাবেন না। তাঁর কাঁধে থাকবে ইতিহাসের ভার। থাকবে সমর্থকদের বিশাল প্রত্যাশা। থাকবে প্রতিটি ম্যাচে মেসির সঙ্গে অনিবার্য তুলনা।
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি তাই এখন শুধু একটি সংখ্যা নয়। এটি দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক।
আর গত ১৭ বছরে সেই প্রতীকের সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে গেছে একটি নাম। লিওনেল মেসি।

