আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের আগে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর প্রিয় বন্ধু ও সাবেক সতীর্থ নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা মেসির ফুটবলে অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, মেসি তাঁকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শিখিয়েছেন। একই সঙ্গে বন্ধুর বিদায়ী ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করার শুভকামনাও জানিয়েছেন তিনি।
বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন মেসি। ঐতিহাসিক এই ম্যাচের আগে ইনস্টাগ্রামে মেসিকে উদ্দেশ করে আবেগঘন বার্তা দেন নেইমার। সেখানে দুজনের একসঙ্গে কাটানো সময়ের স্মৃতিও তুলে ধরেন তিনি।
নেইমার লেখেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে, তারা এতগুলো বছর ধরে তোমার খেলা উপভোগ করেছে… আজ তোমার নিজের দেশ ও দলের জার্সি গায়ে শেষ ম্যাচ, আশা করি এর প্রতিটি সেকেন্ড তুমি উপভোগ করবে।’
আরও পড়ুনঃ এক গোল, দুই অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
ফুটবলে মেসির অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে নেইমার আরও লেখেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বই ফুটবলের জন্য তোমার করা সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলা এবং তার চেয়েও বড় কথা, তোমার পাশে থেকে ইতিহাস গড়াটা আমার জন্য অনেক বড় সম্মানের ছিল। ধন্যবাদ লিও।’
বার্সেলোনায় প্রথমবার একসঙ্গে আলো ছড়িয়েছিলেন মেসি ও নেইমার। পরে প্যারিস সেন্ট-জার্মেইয়ে (পিএসজি) আবারও সতীর্থ হন তাঁরা। ক্লাব ফুটবলে পাশাপাশি খেললেও ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে একাধিকবার একে অপরের বিপক্ষে লড়েছেন দুই তারকা। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে তাঁদের বন্ধুত্ব বরাবরই ছিল গভীর।
আরও পড়ুনঃ অবসরের পর যে পেশায় দেখা যাবে মেসিকে
আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেসির বিদায়ী মুহূর্তে বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভুল করেননি নেইমার। মেসির দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো মনে করে তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বেনিনের বিপক্ষে ম্যাচটি জাতীয় দলের হয়ে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ হতে যাচ্ছে। এর আগে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এই কিংবদন্তি।
জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের আগে মেসিকে ঘিরে যখন বিশ্বজুড়ে আবেগ ও শ্রদ্ধার ঢেউ, তখন নেইমারের এই বার্তা সেই আবেগকে আরও গভীর করে তুলেছে। দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থের কাছ থেকে পাওয়া এমন ভালোবাসার বার্তায় মেসির বিদায়ও হয়ে উঠেছে আরও বিশেষ।

