২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। জাপানের বিপক্ষে নাটকীয় জয় নিশ্চিত করে শেষ ষোলোয় উঠলেও চোটে পড়েছেন দলের দুই অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেতা ও কাসেমিরো। ফলে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে তাঁদের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা ব্রাজিল শিবিরের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ চমক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশ
শেষ ৩২-এর ম্যাচে জাপানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল সেলেসাওরা। তবে জয় উদযাপনের মধ্যেই চোটের কারণে অস্বস্তিতে পড়তে হয়েছে দলটিকে। ম্যাচ চলাকালেই লুকাস পাকেতা ও কাসেমিরো দুজনই মাঠ ছাড়তে বাধ্য হন। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি এবং দলের মেডিকেল স্টাফ।
দুই ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ লুকাস পাকেতা। ম্যাচের প্রথম মিনিটেই পেশিতে অস্বস্তি অনুভব করেন তিনি। এরপরও খেলা চালিয়ে গেলেও প্রথমার্ধের শেষ দিকে একই জায়গায় আবার ব্যথা অনুভব করেন। শেষ পর্যন্ত বিরতির সময় সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাঁকে। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় পাকেতাকে চোখের জল ফেলতেও দেখা যায়।
এখন পর্যন্ত ব্রাজিল ফুটবল কনফেডারেশন পাকেতার চোট নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে তাঁর ক্লাব ফ্লামেঙ্গো জানিয়েছে, পেশিতে চোট পেয়েছেন এই মিডফিল্ডার। তাঁকে যত দ্রুত সম্ভব মাঠে ফেরাতে প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
অন্যদিকে জাপানের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কাসেমিরো। ব্রাজিলের সমতাসূচক গোলটি আসে তাঁর পা থেকেই। তবে ম্যাচের শেষ দিকে তিনিও ব্যথা অনুভব করে মাঠ ছেড়ে যান।
তবে কাসেমিরোর চোট নিয়ে তুলনামূলক আশাবাদী ব্রাজিল শিবির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুরুতর কোনো সমস্যা নয়; বরং মাংসপেশিতে টান লেগেছে তাঁর।
জাপানের বিপক্ষে ম্যাচ শেষে দুই ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
তিনি বলেন, ‘আগামীকাল আমরা দেখব পাকেতা এবং কাসেমিরোর অবস্থা কেমন। এটি খুব কঠিন একটি ম্যাচ ছিল। জাপান সহজ কোনো দল নয়। তারা খুবই সংগঠিত এবং দারুণ গতিময় একটি দল।’
আরও পড়ুনঃ নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল, মুখ খুললেন হালান্ড
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। আইভরি কোস্টকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। আগামী রবিবার দুই দলের লড়াইয়ে নির্ধারণ হবে কে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।
তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লুকাস পাকেতা ও কাসেমিরোর চোটই এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ। দুই অভিজ্ঞ মিডফিল্ডারের একজন কিংবা দুজনই যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তাহলে নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

