লম্বা চুলে পেছনে বেণি বাঁধা আর্লিং হলান্ডকেই দেখতে সবাই অভ্যস্ত। কিন্তু কাল রাতে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথের ম্যাচ দেখতে বসে অনেকেই হয়তো চমকে গেছেন। সবার মনেই প্রশ্ন জাগতে পারে, মাঠে হলান্ড কোথায়! দীর্ঘদিনের চেনা সেই লম্বা সোনালি চুল ছেঁটে একেবারে নতুন চেহারায় হাজির হয়েছেন নরওয়েজিয়ান এই তারকা ফরোয়ার্ড।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট ছাঁটের নতুন লুকের ছবি পোস্ট করেন হলান্ড। সেখানে তিনি লেখেন, ‘নতুন মৌসুম, নতুন ছাঁট।’
আরও পড়ুনঃ অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) চুল কাটার বিভিন্ন ধাপের আরেকটি ছবিও পোস্ট করেন তিনি। সেই ছবির ক্যাপশনে হলান্ড লেখেন, ‘ছোট চুল, কে কী বলল, তাতে কী আসে যায়!’
ছবি পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মাঠে নামেন হলান্ড। বোর্নমাউথের বিপক্ষে সিটির প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে এই নতুন লুক নিয়েই ইতিহাদ স্টেডিয়ামের মাঠে ওয়ার্ম-আপ করতে নামেন তিনি। তবে নতুন চুলের ছাঁট নিয়ে খেলতে নেমে নিজের প্রথম ম্যাচে কোনো গোল পাননি এই তারকা।
আরও পড়ুনঃ ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
এর আগে গত জুলাইয়ে ফক্স স্পোর্টসে জেমস কর্ডেনকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন হলান্ড। সেখানে তিনি জানিয়েছিলেন, স্ক্যান্ডিনেভিয়ান আরেক তারকা ও সুইডেনের সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শেই তিনি এত দিন লম্বা চুল রেখেছিলেন। জ্লাতানের সেই কথা মনে করে কর্ডেনকে হলান্ড বলেছিলেন, ‘জ্লাতান আমাকে কী বলেছিল জানেন? কখনো চুল কাটবে না, কারণ আসল শক্তি লুকিয়ে থাকে চুলেই।’

