অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, দলে ফিরলেন মোসাদ্দেক

জিটি রিপোর্ট

প্রকাশ:

মোসাদ্দেক হোসেন
মোসাদ্দেক হোসেন |ছবি: সংগৃহীত

চলতি জুনে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

সাড়ে তিন বছর পর জাতীয় ওয়ানডে দলে জায়গা পেলেন মোসাদ্দেক। সর্বশেষ তিনি ২০২২ সালের আগস্টে দেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও তাকে দলে অন্তর্ভুক্ত করাকে নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজে থাকা আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে এবার দলে রাখা হয়নি। সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় আফিফকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ রোমাঞ্চকর জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ

সিরিজ শুরুর আগে ৪ জুন থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৯ জুন। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন।

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!