২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চার দলের লড়াইয়ে পৌঁছে গেছে। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। এক সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, আর অন্য সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। এই বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে অপ্টার সুপারকম্পিউটার। তাদের বিশ্লেষণে সামান্য ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে।
অপ্টার সুপারকম্পিউটারের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচটি হবে টুর্নামেন্টের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর একটি। তবে সম্ভাবনার বিচারে খুব অল্প ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
সুপারকম্পিউটারের ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৫০ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ দুই দলের সম্ভাবনার ব্যবধান এক শতাংশেরও কম, যা ম্যাচটির প্রতিদ্বন্দ্বিতার তীব্রতাই তুলে ধরছে।
আরও পড়ুনঃ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে
নির্ধারিত ৯০ মিনিটের ফলাফলের সম্ভাবনাতেও সামান্য এগিয়ে ইংল্যান্ড। অপ্টার হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮ দশমিক ৯ শতাংশ। বিপরীতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ১০ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৭ শতাংশ।
শুধু সেমিফাইনাল নয়, শিরোপা জয়ের সম্ভাবনার হিসাবেও দুই দলের মধ্যে ব্যবধান খুবই কম। অপ্টার পূর্বাভাসে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাবনা ২০ দশমিক ৫৫ শতাংশ।
তবে ফুটবলে পরিসংখ্যান সব সময় শেষ কথা বলে না। নকআউট পর্বে এক মুহূর্তের ভুল কিংবা একটি উজ্জ্বল পারফরম্যান্সই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। তাই সুপারকম্পিউটার ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখলেও লিওনেল মেসির আর্জেন্টিনাকে কোনোভাবেই সমীকরণের বাইরে রাখার সুযোগ নেই।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা দুই পরাশক্তির লড়াইয়ে তাই ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন আরেকটি শ্বাসরুদ্ধকর সেমিফাইনালের, যেখানে নির্ধারিত হবে ফাইনালের একটি টিকিট।

