বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি আর্জেন্টিনা ও ব্রাজিলের দ্বৈরথ। দুই দলই নকআউট পর্বের বাধা টপকাতে পারলে এবার সেই বহুল প্রতীক্ষিত ম্যাচটি ফাইনালের বদলে সেমিফাইনালেই অনুষ্ঠিত হতে পারে। বর্তমান সূচি অনুযায়ী, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৬ বিশ্বকাপের শেষ চারে দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
ইতোমধ্যে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠা ব্রাজিল সোমবার নরওয়ের বিপক্ষে খেলবে। আর্জেন্টিনা মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে মিসরের বিপক্ষে।
আরও পড়ুন: ৬৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন মেসি
শেষ ষোলোর ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে দুই দলের প্রতিপক্ষ হবে ভিন্ন। আর্জেন্টিনা খেলতে পারে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়ার বিপক্ষে। আর ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড কিংবা মেক্সিকো। সেখানেও জয় পেলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। পরে শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে এগিয়ে যায় দলটি।
অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাত পয়েন্ট সংগ্রহ করে। গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপসেরা হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরে জাপানকে হারিয়ে নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।
আরও পড়ুন: কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর যা বললেন স্কালোনি
গাণিতিক পূর্বাভাসও ইঙ্গিত দিচ্ছে, সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ব্রাজিল। ইনস্টিটিউট অব ক্যালকুলেশন (কনিসেট-ইউবিএ) এবং লা নাসিওনের পূর্বাভাস মডেল অনুযায়ী, শেষ চারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের সম্ভাবনা ৩৫ দশমিক ৪ শতাংশ। একই সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডেরও। এরপর রয়েছে মেক্সিকো (২১ দশমিক ৬ শতাংশ) এবং নরওয়ে (৭ দশমিক ৬ শতাংশ)।
সব মিলিয়ে দুই দল নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, বিশ্বকাপের সেমিফাইনালেই ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত লড়াই আর্জেন্টিনা বনাম ব্রাজিল অনুষ্ঠিত হতে পারে।

