ফাউল করে ইসমাইল কোনের পা ভেঙে ফেলায় বড় শাস্তি পেল কাতারের মাদিবো

জিটি রিপোর্ট

প্রকাশ:

কাতারের ফুটবলার মাদিবোর ফাউল
কাতারের ফুটবলার মাদিবোর ফাউল |ছবি: সংগৃহীত

কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনেকে গুরুতর চোটে ফেলার ঘটনায় কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ফিফা। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় শাস্তি হিসেবে তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ভয়াবহ সেই ফাউলে কোনের টিবিয়া ও পেরোনে হাড় ভেঙে যায়, যা ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে গুরুতর ইনজুরির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দেয় কানাডা। তবে বড় জয়ের ম্যাচটি কানাডার জন্য ম্লান হয়ে যায় ৫১তম মিনিটের একটি ঘটনায়। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে আসিম মাদিবো পেছন দিক থেকে এসে জোরালো ট্যাকল করেন ইসমাইল কোনেকে। আঘাতের পরপরই তীব্র যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন কানাডিয়ান মিডফিল্ডার।

ম্যাচের চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে প্রবেশ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় কোনেকে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সঙ্গে সঙ্গেই সরাসরি লাল কার্ড দেখানো হয় মাদিবোকে।

আরও পড়ুনঃ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে

পরবর্তীতে পুরো ঘটনা পর্যালোচনা করে ফিফার শৃঙ্খলা কমিটি ফাউলটিকে ‘গুরুতর ফাউল’ হিসেবে চিহ্নিত করে। তদন্ত শেষে কাতারি মিডফিল্ডারের বিরুদ্ধে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ফিফার দেওয়া এই শাস্তি বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় কঠোরতম নিষেধাজ্ঞা হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে। এর চেয়ে বড় শাস্তির নজির রয়েছে মাত্র দুটি।

২০১৪ সালের বিশ্বকাপে প্রতিপক্ষকে কামড় দেওয়ার ঘটনায় উরুগুয়ের লুইস সুয়ারেজকে নয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। আর ১৯৯৪ সালের বিশ্বকাপে স্পেনের লুইস এনরিকেকে কনুই দিয়ে আঘাত করার দায়ে ইতালির মাউরো তাসোত্তি পেয়েছিলেন আট ম্যাচের নিষেধাজ্ঞা।

এদিকে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ইসমাইল কোনের। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় পাঁচ মাস সময় লাগতে পারে। ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে কানাডিয়ান এই মিডফিল্ডারকে।

কোনের চোটের কারণে ফিফা তাদের ‘ক্লাব সুরক্ষা কর্মসূচি’ও চালু করতে যাচ্ছে। আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর চোটে পড়া খেলোয়াড়দের ক্লাবকে ক্ষতিপূরণ দেওয়ার নিয়মের আওতায় এই সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুনঃ জাপান নাকি নেদারল্যান্ডস, নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কে?

এর অংশ হিসেবে কোনের ইতালিয়ান ক্লাব সাসুওলো প্রায় ১০ লাখ ইউরো আর্থিক ক্ষতিপূরণ পাবে। খেলোয়াড়ের দীর্ঘমেয়াদি অনুপস্থিতির ক্ষতি পুষিয়ে নিতে এই অর্থ প্রদান করা হবে।

তবে শাস্তি পাওয়ার পর নিজের ভুল স্বীকার করেছেন মাদিবো। নিষেধাজ্ঞা ঘোষণার পর তিনি হাসপাতালে গিয়ে ব্যক্তিগতভাবে ইসমাইল কোনের কাছে ক্ষমা চেয়েছেন।

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ইনজুরির ঘটনার জেরে বিশ্ব ফুটবলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সেই ঘটনার জন্য বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়েছে কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোকে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!