প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট পেলেন হাসান মাহমুদ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশি পেসার হাসান মাহমুদ
বাংলাদেশি পেসার হাসান মাহমুদ |ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে পাঁচ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশের স্বপ্নের দিনের নায়ক হয়েছেন এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন হাসান। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিংয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগার।

এই নিয়ে প্রতিপক্ষের মাটিতে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হাসান। এর আগে ভারত ও পাকিস্তানের মাটিতেও ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ঐতিহাসিক মাইলফলকের সামনে মুশফিক

ইনিংস বিরতিতে ফক্স ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে হাসান বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলতে পেরে আমি খুবই রোমাঞ্চিত ছিলাম, কারণ, বিশ্বের অন্যতম সেরা দল তারা। এই কন্ডিশনে খেলার সুযোগ পাওয়াটাও দারুণ ব্যাপার। আমি শুধু লাইন ও লেন্থ ঠিক রেখে বল করার চেষ্টা করেছি। প্রক্রিয়াটা ধরে রেখেছি এবং অধিনায়ক যা বলেছে, সেটা অনুসরণ করেছি।’

বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত ও আগ্রাসী বোলিংয়ে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারও। ফক্স ক্রিকেটের বিশ্লেষণে তিনি বলেন, ‘প্রথমবারের মতো দেখলাম, কোনো প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়ায় এসে শুরু থেকেই নিজেদের জায়গায় বল ফেলছে।’

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের ১৯৮ রানে অলআউট করার পর দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৯৬ রান। ফলে প্রথম ইনিংসে ৯ উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রানে পিছিয়ে থাকে সফরকারীরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!