ভিনিসিউস জুনিয়রের চার ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর জন্য রিয়াল মাদ্রিদের করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আপিল কমিটি। ফলে লাল কার্ডের কারণে পাওয়া শাস্তির পুরো মেয়াদই বহাল থাকছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এ তথ্য জানিয়েছে।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিউস। এরপর তাঁকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর মধ্যে দুটি ম্যাচের শাস্তি ছিল সরাসরি করা অপরাধের জন্য। আর লাল কার্ড দেখার পর তাঁর তীব্র ক্ষোভ ও নাটকীয় প্রতিক্রিয়ার কারণে দেওয়া হয় আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা।
শাস্তি কমানোর জন্য রিয়াল মাদ্রিদ একাধিকবার আপিলের চেষ্টা করেছিল। প্রথমে অতিরিক্ত পাওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করা হয়। এরপর চুল টানার মতো ঘটনার জন্য দেওয়া শাস্তি কমিয়ে এক ম্যাচ করার চেষ্টাও করা হয়েছিল। তবে আপিল কমিটি কোনো আবেদনই বিবেচনায় নেয়নি।
বরং আপিল কমিটি রেফারিদের সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নিয়েছে। মাঠে নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক ছিল বলেও তারা জানিয়েছে। ফলে আপিলের মাধ্যমে ভিনিসিউসের শাস্তি কমানোর রিয়ালের চেষ্টা আপাতত ব্যর্থ হয়েছে।
আরও পড়ুনঃ দুই আর্জেন্টাইনের গোলে এমএলএসে প্লে-অফ নিশ্চিত করল মেসির মায়ামি
এই নিষেধাজ্ঞার কারণে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের পরবর্তী চার ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিউস। প্রায় এক মাস পর সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে তাঁর মাঠে ফেরার কথা।
তবে এখানেই থামছে না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি বিষয়টি পুনর্বিবেচনার জন্য আরও আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। প্রয়োজনে তারা বিষয়টি স্পোর্টের প্রশাসনিক আদালত (টেএডি) পর্যন্ত নিয়ে যেতে পারে।
ভিনিসিউসের অনুপস্থিতিতে বাঁ প্রান্তে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন ইয়ান দিওমান্দে। আগামী ম্যাচগুলোতে মরিয়োর আস্থা কাজে লাগিয়ে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ থাকছে তাঁর সামনে।
লা লিগায় ভিনিসিউসকে না পেলেও চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে তাঁকে খেলাতে পারবে রিয়াল মাদ্রিদ। ফলে সেল্টা ভিগোর বিপক্ষে ফেরার আগপর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মূলত ইউরোপের প্রতিযোগিতার ম্যাচগুলোর জন্যই ব্যবহার করতে হবে দলটিকে।

