নিজের স্নায়ুবিক রোগের কথা জানালেন জামাল মুসিয়ালা

জিটি রিপোর্ট

প্রকাশ:

জার্মানির তারকা ফুটবলার জামাল মুসিয়ালা
জার্মানির তারকা ফুটবলার জামাল মুসিয়ালা |ছবি: সংগৃহীত

চোটাঘাত তো খেলোয়াড়দের নিত্য সঙ্গী। তবে জামাল মুসিয়ালার সমস্যাটা ভিন্ন। বড় এক চোটে গত মৌসুমে তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে এবারের মৌসুম শুরুর আগে বিচিত্র সমস্যায় পড়েছেন তিনি। চার দিনের মধ্যে দুটি ম্যাচে মাঠে লুটিয়ে পড়েছেন তিনি খেলা চলার সময়ই। বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জানালেন, স্নায়ুর একটি রোগ ধরা পড়েছে তার, তবে তা সহজে চিকিৎসাযোগ্য।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার হাইডেনহাইমের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার মিনিট ছয়েক পরই মাটিতে লুটিয়ে পড়েন মুসিয়ালা। যখন তিনি চিকিৎসা নিচ্ছিলেন, উভয় দলের ফুটবলাররা তখন তাকে ঘিরে রাখেন। মাঠ থেকে বের করে আনার আগে তার চিকিৎসার প্রয়োজন হয়।

আরও পড়ুনঃ গোল ও অ্যাসিস্ট করে নিজের জাত চেনালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

গত শনিবার লাইপজিগের বিপক্ষে বায়ার্নের প্রীতি ম্যাচেও এই জার্মান তারকা কিছু সময়ের জন্য অজ্ঞান ছিলেন।

২৩ বছর বয়সী মিডফিল্ডার সামাজিক মাধ্যমে জানান, স্নায়ুর একটি রোগে আক্রান্ত তিনি। তবে খুব বেশি দুর্ভাবনার কিছু নেই।

“আমি বুঝতে পারছি যে আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত। আমি আজ সেই উদ্বেগগুলো দূর করতে এবং পরিস্থিতি ব্যাখ্যা করতে চাই। স্নায়ুবিক অকার্যকারিতার একটি সমস্যা ধরা পড়েছে আমার, যেটির কারণে সাময়িক ও কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলি, তবে এটি সহজে চিকিৎসাযোগ্য।

এই সমস্যার কারণে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে - যেমন লাইপজিগের বিপক্ষে বা হাইডেনহাইমের ম্যাচে। আমি জানি, প্রথম দেখায় এগুলো ভীতিকর মনে হতে পারে - কিন্তু আমার জন্য, এগুলো এখন দৈনন্দিন জীবনেরই একটি অংশ। আমি এর জন্য সেরা চিকিৎসা সেবা পাচ্ছি এবং খুবই আশাবাদী।”

মুসিয়ালা আরও জানান যে, তার বড় কোনো সমস্যা বা অন্য কোনো ঝুঁকির শঙ্কা দেখছেন না চিকিৎসকরা। তিনি এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যেতে চান।

আরও পড়ুনঃ বাংলাদেশি ফুটবলারকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

“গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে আর কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। বিশেষজ্ঞদের সাথে নিবিড় আলোচনা ও নিয়মিত যোগাযোগের পর, এই চ্যালেঞ্জটি গ্রহণ করা আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল; স্নায়ুরোগ বিশেষজ্ঞদের চিকিৎসাগত ছাড়পত্র পাওয়ার পর, আমি সেটাই চালিয়ে যেতে চাই, যা আমার আরোগ্যে সবচেয়ে বেশি সাহায্য করবে: অর্থাৎ, স্বাভাবিকভাবে জীবনযাপন করা এবং ফুটবল খেলার প্রতি আমার ভালোবাসাকে অনুসরণ করা।”

এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। সার্বিকভাবে, আমি খুব ইতিবাচক বোধ করছি এবং সঠিক পথেই আছি।”

মুসিয়ালা আরও জানান, তিনি “এই ব্যাপারটি একান্ত ব্যক্তিগত রাখতে চান এবং শুধুমাত্র তার সবচেয়ে কাছের মানুষ, ক্লাব ও চিকিৎসা বিশেষজ্ঞদের সাথেই তা ভাগ করে নিতে চান।”

বায়ার্নের হয়ে ২৩১টি ম্যাচ খেলা এই মিডফিল্ডার গত বছর ক্লাব বিশ্বকাপের ম্যাচে অ্যাঙ্কেলে চিড় ধরার কারণে ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিলেন। কিন্তু পরে সুস্থ হয়ে তিনি মৌসুমের শেষের দিকে ফিরে আসেন এবং ২০২৬ বিশ্বকাপে জার্মানির হয়ে খেলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!