বিশ্বকাপের শুরুর আগে রাইট-ব্যাক ওয়েসলি ছিটকে যাওয়ায় ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে। দলের একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ছিটকে যাওয়ার পরও ওই পজিশনের জন্য কোনো ডিফেন্ডারকে দলে নেননি কোচ কার্লো আনচেলত্তি। ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রক্ষণভাগের গঠন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
গত শনিবার মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ে বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পান ওয়েসলি। দুই দিন পর ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করে, বিশ্বকাপে আর খেলা হচ্ছে না ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের।
আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ দলে একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ছিলেন ওয়েসলি। তার অনুপস্থিতি স্বাভাবিকভাবেই ব্রাজিল কোচের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এসেছে। তবে অনেককে অবাক করে দিয়ে তার পরিবর্তে কোনো ডিফেন্ডার নয়, মিডফিল্ডার এদেরসনকে দলে অন্তর্ভুক্ত করেন ইতালিয়ান এই কোচ।
আরও পড়ুনঃ বৈধ ভিসা ছিল, ঢুকতে দেয়নি যুক্তরাষ্ট্র—দেশে ফিরেই বীরের সংবর্ধনা পেলেন সোমালি রেফারি
আতালান্তার হয়ে খেলা ২৬ বছর বয়সী এদেরসন গত সোমবার যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের সঙ্গে যোগ দিয়েছেন। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
একজন ডিফেন্ডারের পরিবর্তে মিডফিল্ডারকে দলে নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিশেষ করে, রাইট-ব্যাক পজিশনে কাকে খেলানো হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
ধারণা করা হচ্ছে, রজার ইবানেজ অথবা দানিলোর মধ্যে একজনকে ওই দায়িত্ব দেওয়া হতে পারে। তবে সমস্যা হলো, দুজনের কেউই বর্তমানে নিয়মিত রাইট-ব্যাক হিসেবে খেলেন না। তারা মূলত সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেই মাঠে নামেন।
নিউ জার্সিতে ব্রাজিল দলের সংবাদ সম্মেলনেও রক্ষণভাগই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে ২৭ বছর বয়সী রজার ইবানেজ এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চাননি।
তিনি বলেন, ‘সম্ভাব্য সেরা অবস্থায় মাঠে নামতে আমরা কঠোর পরিশ্রম করছি। আপাতত এটাই আমি বলতে পারি।’
আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। সেই ম্যাচে তিনি একাদশে থাকবেন কি না এবং থাকলে রাইট-ব্যাক নাকি সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলবেন—এমন প্রশ্নের জবাবে ইবানেজ হাসতে হাসতে বলেন, ‘এর চেয়ে বেশি কিছু বললে আমি বিপদে পড়ে যাব।’
সৌদি আরবের ক্লাব আল-আহলির এই ডিফেন্ডার আরও জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে কোচ আনচেলত্তি এখনো তার বা দানিলোর সঙ্গে আলাদা করে কোনো নির্দিষ্ট আলোচনা করেননি। এতে ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচের একাদশ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ব্রাজিল কোচ।
নিজের খেলার ধরন সম্পর্কে কথা বলতে গিয়ে ইবানেজ বলেন, ওয়েসলি দলের আক্রমণে বাড়তি গতি ও ধার যোগ করতে পারতেন। কারণ তিনি নিয়মিত উইং ধরে ওপরে উঠে খেলতে অভ্যস্ত। অন্যদিকে তিনি নিজে রক্ষণ সামলাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তবে পরিস্থিতি মোকাবিলায় আনচেলত্তি ভিন্ন কোনো পরিকল্পনাও নিতে পারেন। রক্ষণভাগের কোনো খেলোয়াড়ের বদলে তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকেও রাইট-ব্যাক পজিশনে খেলানোর কথা ভাবতে পারেন।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। তবে প্রথম ম্যাচের আগেই রাইট-ব্যাক সংকট যে ব্রাজিল শিবিরের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

