সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারে একাধিক চমক

জিটি রিপোর্ট

প্রকাশ:

আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনা ফুটবল দল |ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। কোচ লিওনেল স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পরিকল্পনা গোপন রাখলেও, শুরুর একাদশে অন্তত দুটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছেন গনসালো মন্তিয়েল ও নিকোলাস গনসালেস।

সেমিফাইনালের আগে কানসাস সিটিতে শেষ অনুশীলন শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (স্থানীয় সময়) দুপুরে অনুশীলন শেষে দলটি রাতে আটলান্টার উদ্দেশে রওনা দেয়। বাংলাদেশ সময় বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালে বাঁশি বাজাবেন মুসলিম রেফারি ইসমাইল এলফাত

পুরো বিশ্বকাপজুড়ে কানসাস সিটিকেই নিজেদের প্রস্তুতি ক্যাম্প হিসেবে ব্যবহার করেছে আর্জেন্টিনা। শেষ অনুশীলনও সেখানেই হয়েছে। অনুশীলন শেষে খেলোয়াড়রা একসঙ্গে ঐতিহ্যবাহী আর্জেন্টাইন বারবিকিউ বা ‘আসাদো’ মধ্যাহ্নভোজে অংশ নেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, শেষ অনুশীলনে কোনো পূর্ণাঙ্গ সম্ভাব্য একাদশ নিয়ে কাজ করেননি স্কালোনি। তিনি ইচ্ছাকৃতভাবেই শুরুর একাদশ সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি।

প্রথমে খেলোয়াড়রা হালকা ওয়ার্মআপ করেন। এরপর বল নিয়ে বিভিন্ন অনুশীলন এবং ছোট পরিসরের ম্যাচ খেলেন। মূল কৌশলগত অনুশীলন, সেট-পিস এবং ম্যাচ পরিকল্পনা আটলান্টাতেই চূড়ান্ত করবেন স্কালোনি ও তার কোচিং স্টাফ।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে শেষ চারের টিকিট কাটে আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড ১০ জনের দলে পরিণত হলেও জয় পেতে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

তারপরও নিজের নিয়মিত একাদশের ওপর আস্থা হারাননি স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি টানা চতুর্থ ম্যাচে একই একাদশ মাঠে নামিয়েছিলেন। এর আগে মিসরের বিপক্ষেও একই দল খেলেছিল।

সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, মিসরের বিপক্ষে নাটকীয় জয় এলেও তিনি দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন। কোচিং স্টাফের মূল্যায়ন ছিল, পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনাই খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছিল এবং একাধিক পরিষ্কার গোলের সুযোগ তৈরি করেছিল। তবে সুযোগ নষ্ট করা এবং রক্ষণে কয়েকটি ভুলের কারণে ম্যাচটি কঠিন হয়ে ওঠে।

এবারও একই একাদশ ধরে রাখার পেছনে স্কালোনির বড় ভরসা তার খেলোয়াড়দের প্রতি আস্থা। দীর্ঘদিন ধরে একই দল নিয়ে কাজ করায় ফুটবলারদের সামর্থ্য সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন। গুরুত্বপূর্ণ ম্যাচে তারা নিজেদের সেরা খেলায় ফিরবে বলেই বিশ্বাস আর্জেন্টিনা কোচের।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

তবে মধ্যমাঠ এখনো তার সবচেয়ে বড় চিন্তার জায়গা। লিয়ান্দ্রো পারেদেস ছাড়া এই বিভাগের বেশির ভাগ ফুটবলার প্রত্যাশিত ছন্দে নেই। সুইজারল্যান্ড ম্যাচের শেষদিকে পারেদেস পায়ে টান অনুভব করলেও তিনি খেলতে পারবেন বলেই আশা করা হচ্ছে। তবু এই বিভাগে পরিবর্তন আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

তবে দুটি পজিশনে পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনার বদলে গনসালো মন্তিয়েলকে দেখা যেতে পারে। পাশাপাশি মিডফিল্ডে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকোলাস গনসালেসকে শুরুর একাদশে রাখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশ্বকাপজুড়ে প্রতিটি ম্যাচের আগে নিজের কৌশল গোপন রাখার অভ্যাস ধরে রেখেছেন স্কালোনি। সেমিফাইনালের আগেও তিনি একই পথেই হাঁটছেন। তার স্বভাব অনুযায়ী, ড্রেসিংরুমে শেষ টিম মিটিংয়ের আগে শুরুর একাদশ প্রকাশ করবেন না। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তেই জানা যাবে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশে কোনো চমক থাকছে কি না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!