২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ফলে বিশ্বকাপের শেষ চার পর্বে ফুটবলপ্রেমীরা পাচ্ছেন দুটি হাইভোল্টেজ লড়াই।
প্রথম সেমিফাইনালে আগামী ১৫ জুলাই মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এরপর ১৬ জুলাই একই সময়ে আটলান্টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। জুড বেলিংহামের জোড়া গোলে জয় নিশ্চিত করে ইংলিশরা। সেই জয়ের সুবাদে ৬০ বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে এবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তারা।
আরও পড়ুনঃ ফাইনালে যাবে কে—ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা, জানাল সুপারকম্পিউটার
অন্যদিকে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নেয় আর্জেন্টিনা। শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে লিওনেল স্কালোনির দল। এরপর শেষ ষোলোতে মিসরের বিপক্ষে টুর্নামেন্টের অন্যতম নাটকীয় ম্যাচ উপহার দেয় আলবিসেলেস্তেরা। দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।
শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। পরে অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই জয়ে টানা আরেকটি বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এবারের সেমিফাইনালে চারটি দলই শিরোপার অন্যতম দাবিদার। একদিকে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ঐতিহাসিক দ্বৈরথ, অন্যদিকে ফ্রান্স ও স্পেনের তারকাবহুল লড়াই—দুটি ম্যাচই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি হয়ে উঠতে যাচ্ছে।
২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালের সূচি (বাংলাদেশ সময়):
১৫ জুলাই, রাত ১টা: ফ্রান্স বনাম স্পেন
১৬ জুলাই, রাত ১টা: আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড

