সেমিফাইনালের পথে মরক্কোর বাধা টুর্নামেন্টের হট ফেবারিট ফ্রান্স

জিটি রিপোর্ট

প্রকাশ:

 হাকিমি ও এমবাপে
হাকিমি ও এমবাপে|ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম দুই আলোচিত দল ফ্রান্স ও মরক্কো। শেষ ষোলোর বাধা পেরিয়ে দুই দলই শেষ আটে জায়গা করে নিয়েছে। প্যারাগুয়েকে ১–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে কানাডাকে ৩–০ গোলে উড়িয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে শেষ আটে উঠেছে আশরাফ হাকিমির মরক্কো। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

প্যারাগুয়ের বিপক্ষে জয়টা সহজ ছিল না ফ্রান্সের জন্য। তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে উষ্ণ আবহাওয়ায় খেলা ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। কঠিন আবহাওয়া এবং প্যারাগুয়ের ঘন রক্ষণভাগের কারণে দীর্ঘ সময় গোলের দেখা পায়নি দিদিয়ের দেশমের দল।

আরও পড়ুনঃ উত্তেজনাকর ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ম্যাচজুড়ে প্যারাগুয়ের মূল লক্ষ্য ছিল ফ্রান্সের স্বাভাবিক ছন্দ নষ্ট করা। আক্রমণে খুব বেশি না গিয়ে শারীরিক ফুটবল এবং শক্ত রক্ষণে ফরাসিদের আটকে রাখে তারা। ফলে এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেদের একের পর এক আক্রমণ ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে। মাঠে নেমেই দুর্দান্ত ড্রিবল করে বক্সে ঢোকার সময় ফাউলের শিকার হন তিনি। প্রথমে খেলা চালিয়ে দিলেও পরে ভিএআরের পরামর্শে মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

স্পট কিক থেকে কোনো ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ফ্রান্সকে ১–০ গোলে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে গোলসংখ্যায় লিওনেল মেসিকে স্পর্শ করেছেন এমবাপ্পে। দুজনেরই গোল এখন সাতটি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির ২০ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে অবস্থান করছেন ফরাসি অধিনায়ক।

আরও পড়ুনঃ কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

এই জয়ের মাধ্যমে নতুন ইতিহাসও গড়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপের নকআউট পর্বে এটি তাঁর দশম জয়। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোচ হিসেবে নকআউট পর্বে ১০টি ম্যাচ জয়ের অনন্য কীর্তি গড়লেন তিনি।

অন্যদিকে দিনের প্রথম ম্যাচে কানাডাকে ৩–০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মরক্কো। আজ্জেদিন উনাহির জোড়া গোল এবং সুফিয়ান রাহিমির এক গোলে বড় জয় তুলে নেয় ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। টানা দ্বিতীয় বিশ্বকাপে শেষ আটে উঠে আবারও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে আফ্রিকার দলটি।

এবার সেই স্বপ্নপূরণের পথে মরক্কোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট ফ্রান্স। একদিকে এমবাপ্পের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে থাকা ফরাসিরা, অন্যদিকে সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণে ভয়ংকর মরক্কো। তাই কোয়ার্টার ফাইনালের এই লড়াই বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হয়ে উঠতে যাচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!