ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির বিপক্ষে শুরুতেই জালে বল পাঠিয়েও উদ্যাপন করতে পারেননি রাফিনিয়া। অফসাইডের কারণে ম্যাচের ১২তম মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গারের গোল বাতিল করে দেন রেফারি।
বাঁ পায়ের শটে বল জালে জড়িয়েছিলেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। তবে ভিডিও পর্যালোচনার পর অফসাইডের সিদ্ধান্ত আসে। ফলে ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ হাতছাড়া হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
মরক্কোর বিপক্ষে ড্র করার পর প্রথম জয়ের খোঁজে হাইতির বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। সেই লক্ষ্য সামনে রেখে একাদশে দুটি পরিবর্তন এনেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দল থেকে বাদ পড়েছেন ইবানিয়েজ ও ইগর থিয়াগো। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দানিলো ও মাতেউস কুনিয়া।
আরও পড়ুনঃ সকালে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে
ম্যাচের আগে ব্রাজিল শিবিরে একাদশে ‘দুটি বা তিনটি’ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন আনচেলত্তি। শেষ পর্যন্ত পরিবর্তন এনে আরও ভারসাম্যপূর্ণ দল নিয়েই মাঠে নামেন তিনি।
হাইতির বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে রয়েছেন গোলরক্ষক আলিসন। রক্ষণভাগে আছেন দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস ও দগলাস সান্তোস। মাঝমাঠে খেলছেন কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা। আক্রমণভাগে রয়েছেন রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে ব্রাজিল। তবে রাফিনিয়ার বাতিল হওয়া গোলের কারণে ম্যাচের প্রথম ভাগে কাঙ্ক্ষিত সূচনা পাওয়া হয়নি সেলেসাওদের।

