সব ধরনের ফুটবল থেকেই অবসরের ইঙ্গিত নেইমারের

জিটি রিপোর্ট

প্রকাশ:

 নেইমার
নেইমার|ছবি: সংগৃহীত

সব ধরনের ফুটবল থেকেই অবসর নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ক্লাব ক্যারিয়ার ও জাতীয় দল নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেছেন, আগামী ডিসেম্বরে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ঠিক করবেন, ক্লাবে থাকবেন, অন্য কোনো দলে যোগ দেবেন, নাকি ফুটবলকেই বিদায় জানাবেন।

সোমবার সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে অংশ নেন নেইমার। সেখানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসর নেওয়ার কথা এখনো চূড়ান্তভাবে ভাবিনি। আবার কত দিন খেলতে পারব, সেটাও বলতে পারছি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি সেই চুক্তির মেয়াদ শেষ করতে চাই এবং সান্তোসের জার্সির মর্যাদা রাখতে চাই। এরপর সিদ্ধান্ত নেব—সান্তোসে থাকব, অন্য কোনো ক্লাবে যাব, খেলা ছেড়ে দেব, নাকি খেলাই চালিয়ে যাব।’

নেইমারের এই বক্তব্যের পর তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, পরিস্থিতি বিবেচনায় ২০২৭ সালের মধ্যেই অবসরের সিদ্ধান্ত নিতে পারেন ব্রাজিলের অন্যতম সেরা এই ফুটবলার। তবে নেইমার এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না।

নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী নেইমার বলেন, ‘ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই আমি এক ম্যাচ করে এগোতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এখন শারীরিকভাবে ভালো অনুভব করছি।’

আরও পড়ুনঃ ১০ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করতে যাচ্ছেন রোনালদো

বর্তমানে সান্তোসের হয়ে খেলছেন নেইমার। আজ দলের সঙ্গে বেলেমে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখানে কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির।

রেমোর বিপক্ষে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত বলেও জানিয়েছেন নেইমার। দলের একাদশে নিজের অবস্থান নিয়ে হাস্যরস করে তিনি বলেন, ‘সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড়দের জানার আগেই সংবাদমাধ্যমে বের হয়ে যায়। সাংবাদিকেরা তো আগেই লিখে ফেলেছেন আমি বেঞ্চে থাকব। কিন্তু আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে দলকে জিততে সাহায্য করতে চাই।’

এর আগে ব্রাজিল জাতীয় দল নিয়েও নিজের অবস্থান জানিয়েছিলেন নেইমার। গত ২৯ জুলাই কোপা সুদামেরিকানার নকআউট প্লে-অফ ম্যাচ শেষে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন তিনি।

সেসময় নেইমার বলেছিলেন, ‘জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। নিজের জীবন, রক্ত—সবই এই জার্সির জন্য দিয়েছি। সব সময় লড়াই করেছি। কিন্তু এখন আর এসব চাই না।’

বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পরও জাতীয় দল থেকে অবসরের ইচ্ছার কথা জানিয়েছিলেন নেইমার। তবে তার বাবা নেইমার সান্তোস সিনিয়র মনে করেন, ছেলের বক্তব্যকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক হবে না।

দাতব্য নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের নেইমারের বাবা বলেন, ‘অনেকে নেইমারের কথার ভুল ব্যাখ্যা করছেন। সে বলেছে, “আমার মনে হয় এখানেই শেষ।” এটি তার বর্তমান অনুভূতি, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা মাত্র একটি কঠিন বিশ্বকাপ শেষ করেছি। পরের বিশ্বকাপ হতে এখনো চার বছর বাকি। এত আগে সে কীভাবে নিশ্চিতভাবে বলে দিতে পারে যে আর খেলবে না?’

তিনি আরও বলেন, ‘নেইমার সব সময় নিজের মনের কথাই বলে। এই মুহূর্তে তার মনে হচ্ছে জাতীয় দলের অধ্যায় হয়তো শেষ হতে পারে। কিন্তু সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না। এটি শুধু তার বর্তমান মানসিক অবস্থার প্রতিফলন।’

ফলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আগামী ডিসেম্বর পর্যন্ত। সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই পরিষ্কার হবে, তিনি ক্লাব ফুটবলে আরও কিছুদিন থাকবেন, নতুন কোনো দলে যোগ দেবেন, নাকি দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে সব ধরনের ফুটবল থেকে বিদায় নেবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!