সরাসরি ২০৩০ বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা

জিটি রিপোর্ট

প্রকাশ:

আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনা ফুটবল দল |ছবি: সংগৃহীত

২০৩০ সালের বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব পেরোতে হবে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। বিশ্বকাপের শতবর্ষের আসরে স্বাগতিক দেশের মর্যাদা পাওয়ায় সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে লিওনেল মেসিদের দেশ। একই সুবিধা পাচ্ছে স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে ও প্যারাগুয়েও।

বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসর হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন। প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে উদ্বোধনী পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়ে এবং প্রতিবেশী আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

আরও পড়ুনঃ শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

এই বিশেষ আয়োজনের ফলে ছয়টি দেশই স্বাগতিক হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী স্বাগতিক দেশগুলো সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায়। সে কারণেই ২০৩০ সালের বিশ্বকাপে বাছাইপর্ব না খেলেই অংশ নেবে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে ও প্যারাগুয়ে।

২০২৪ সালের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব আনুষ্ঠানিক অনুমোদন পায়। যদিও এই যৌথ বিডের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২০ সালের অক্টোবরে। শুরুতে মরক্কো এককভাবে আয়োজক হওয়ার আগ্রহ দেখালেও পরে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথ প্রস্তাবে যোগ দেয়। শেষ পর্যন্ত সেটিই একমাত্র বৈধ বিড হিসেবে অনুমোদিত হয়।

বিশ্বকাপের শতবর্ষকে স্মরণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনা নিয়েছে ফিফা। সেই পরিকল্পনা অনুযায়ী উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও, আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইরেস এবং প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে। এরপর অংশগ্রহণকারী দলগুলো ইউরোপ ও আফ্রিকায় গিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবে।

আরও পড়ুনঃ ব্রাজিলকে কাঁদিয়ে নরওয়ের রূপকথা

এই আয়োজনের অন্যতম আকর্ষণ হবে মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়াম। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই। এ ছাড়া বুয়েনেস এইরেসের এস্তাদিও মনুমেন্টাল এবং আসুনসিওনের এস্তাদিও ওসভালদো ডোমিঙ্গেজ দিব স্টেডিয়ামেও উদ্বোধনী পর্বের ম্যাচ আয়োজন করা হবে।

ফিফার ঘোষিত সূচি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং শেষ হবে ২১ জুলাই। মোট ৪৪ দিনব্যাপী এই আসর হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ টুর্নামেন্ট। তিনটি মহাদেশে ম্যাচ আয়োজন, শতবর্ষ উদ্‌যাপনের বিশেষ আয়োজন এবং অংশগ্রহণকারী দলগুলোর দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনায় রেখেই এবার সূচি আগের সব আসরের তুলনায় দীর্ঘ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!