সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও র‍্যাঙ্কিংয়ে অবনমন আর্জেন্টিনার

জিটি রিপোর্ট

প্রকাশ:

 আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনা ফুটবল দল |ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেও র‌্যাঙ্কিংয়ের দৌড়ে পিছিয়ে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচভিত্তিক লাইভ র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এক ধাপ নেমে তিন নম্বরে চলে গেছে লিওনেল মেসিদের দল। একই সময়ে স্পেন উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

লাইভ র‌্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী, ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ১৯৩৪.৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। আর ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১৮৭১.৩৮ পয়েন্ট।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। টুর্নামেন্টে অর্জিত রেটিং পয়েন্টের সুবাদে তারা ষষ্ঠ থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। ব্রাজিলের বর্তমান লাইভ পয়েন্ট ১৮০৪.৯৩।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা–ইংল্যান্ড কি ক্রিকেটের ভারত–পাকিস্তান

তবে এই তালিকা ফিফার আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং নয়। প্রতিটি ম্যাচের ফলের পর ফিফার নির্ধারিত পয়েন্ট গণনার সূত্র অনুযায়ী সম্ভাব্য অবস্থান দেখানো হচ্ছে। ফিফা সর্বশেষ আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল ১১ জুন। পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশ করা হবে ২০ জুলাই। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে দলগুলোর অবস্থানে আরও পরিবর্তন আসতে পারে।

আর্জেন্টিনার র‌্যাঙ্কিংয়ে অবনমন হলেও সমর্থকদের জন্য রয়েছে একটি ব্যতিক্রমী পরিসংখ্যান। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালুর পর থেকে বিশ্বকাপ শুরুর সময় এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। ২০২৬ বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল আর্জেন্টিনা। ফলে এবার সেই অদ্ভুত ইতিহাস ভাঙার সুযোগ রয়েছে লিওনেল স্কালোনির দলের সামনে।

অবশ্য ফুটবল বিশ্লেষকদের মতে, র‌্যাঙ্কিং সবসময় শিরোপা জয়ের নির্ভরযোগ্য সূচক নয়। বিশ্বকাপের বাকি পথের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে আর্জেন্টিনা সেই দীর্ঘদিনের পরিসংখ্যান বদলে নতুন ইতিহাস গড়তে পারে কি না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!