ব্যক্তিগত পারফরম্যান্স নয়, বরং দলের সামগ্রিক স্বার্থ বিবেচনা করেই উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মাইক হেসন। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজওয়ানকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: এবারের বিশ্বকাপের ডার্ক হর্স হয়ে উঠতে পারে হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজের কলম্বিয়া
সংবাদ সম্মেলনে কোচ মাইক হেসন জানান, তিনি দায়িত্ব নেওয়ার আগে থেকেই রিজওয়ান টি-টোয়েন্টি দলের অংশ ছিলেন না এবং অধিনায়কত্বেও ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত, কারণ তার অধিনায়কত্বে জাতীয় দল প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছিল না। একই সাথে রিজওয়ানকে বাদ দেওয়ার মাধ্যমে অন্য খেলোয়াড়দের কাছেও একটি শক্ত বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আগামী বিশ্বকাপের প্রস্তুতি ও দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে পাকিস্তান কোচ বলেন, 'আমাদের দল সাজাতে হলে ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দলের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিতে হবে।' গত এক বছরে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে জানিয়ে হেসন আরও বলেন, সামনে বিশ্বকাপ থাকায় এখন থেকেই নতুন নতুন বিকল্প খেলোয়াড় নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট।

